ফিলিপাইনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সেনাবাহিনী জড়িত: জাতিসংঘ
ফিলিপাইনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের হার উদ্বেগজনকভাবে বেশি এবং এমন অনেক হত্যাকাণ্ডের জন্যই দায়ি দেশটির সেনাবাহিনী- বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের বিশেষ দূত ফিলিপ এলস্টন বুধবার ম্যানিলায় একথা বলেছেন। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোইয়োর সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। হত্যাকাণ্ডে নিহতদের বেশিরভাগই বামপন্থী গেরিলা ও রাজনৈতিক কর্র্মী।
এলস্টন বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে নিহতের প্রকৃত সংখ্যা যাই হোক, “এটা নিশ্চিত যে সংখ্যাটি অত্যধিক এবং তা উদ্বিগ্ন হওয়ার জন্য যথেষ্ট।”
দেশটির সামরিক বাহিনীর জড়িত থাকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেন জাতিসংঘ দূত। তিনি বলেন, “এমন উল্লেখযোগ্য সংখ্যক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে কার্যকর এবং দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণের বিষয়টি পুরোপুরি অস্বীকার করার চেষ্টা করছে সেনাবাহিনী।”
স্থানীয় মানবাধিকার সংগঠন ‘কারাপাটান’ দাবি করেছে, ২০০১ সালে অ্যারোইয়ো ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত প্রায় ৮০০ ব্যক্তি নিহত অথবা নিখোঁজ হয়েছেন। এদের বেশিরভাগই বামপন্থী রাজনৈতিক কর্মী বলেও উল্লেখ করেছে গ্র“পটি। কিন্তু সেনাবাহিনী বলেছে, এসব হত্যাকাণ্ড কমিউনিস্ট নিউ পিপলস আর্মির অর্ন্তদ্বন্দ্বের ফসল।
কিন্তু ফিলিপাইনের বামপন্থী রাজনৈতিক দল ‘আনাকপাওইস’র আটক নেতা বলেছেন, “মে মাসে কংগ্রেস নির্বাচনকে সামনে রেখে বামপন্থী কর্মীদেরকে দমন করার লক্ষ্য নিয়েছে সরকার। নির্বাচনের আগে ও পরে বিরোধীদের দমন করতে সরকারের একটি কৌশল এটা।”
পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই সাক্ষাতকার দেন তিনি।
অন্যদিকে ফিলিপাইনের সরকার বলেছে, এ ধরনের হত্যাকাণ্ড সম্পর্কে সরকার অবগত এবং বিষয়টি তদন্ত করতে জাতিসংঘকে আমন্ত্রণ জানানো এ বিষয়ে কাজ করতে সরকারের সদিচ্ছার প্রমাণ। সরকারের নির্বাহী সচিব এডুয়ার্ডো এরমিতা সাংবাদিকদের একথা জানান।
