২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের বেঁধে দেওয়া সময়েও পরমাণু কর্মসূচি বন্ধ করছে না ইরান

পরমাণু কর্মসূচি বন্ধে ইরানকে বেঁধে দেওয়া জাতিসংঘের সময়সীমা শেষ হওয়ার দিন বুধবারও দেশটি জানিয়েছে, তারা নিজেদের এ কর্মসূচি বন্ধ করবে না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2007, 03:32 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইরনা জানায়, “স্বল্পতম সময়ে কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে আমরা পরমাণু কর্মসূচি অব্যাহত রাখব। এটা আমাদের অধিকার। এর সঙ্গে শুধু দেশের উন্নয়নই নয়, সম্মানের প্রশ্নটিও জড়িত।”

বুধবার উত্তর ইরানের শিয়াহকাল এলাকায় এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন বলে বার্তা সংস্থার খবরে বলা হয়।

একই কথা বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। তিনি বলেন, “ইরান কোনোভবেই তার পরমাণু কর্মসূচি বন্ধ করবে না। এক্ষেত্রে পরাশক্তিগুলোর চাপ কিংবা কোনো প্রলোভনেও ইরানকে তার লক্ষ্য থেকে সরানো যাবে না। ”

এদিকে পরমাণু সঙ্কট নিয়ে ইরানের প্রতিনিধি আলী লারিজানি মঙ্গলবার ভিয়েনায় বৈঠকে বসেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান মোহাম্মদ এলবারাদির সঙ্গে। বৈঠক শেষে লারিজানি       সাংবাদিকদের বলেন, “আমাদের পরমাণু কর্মসূচি নিয়ে কোনো কোনো দেশের উদ্বেগ থাকতে পারে, কিন্তু চাপ কিংবা হুমকি - ধমকি দিয়ে এ সমস্যার সমাধান কখনই হবে না।”

পরমাণু বোমা তৈরির কোনো অভিপ্রায় ইরানের নেই বলেও আশ্বস্ত করেন লারিজানি। তিনি দাবি করেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি মেনেই কর্মসূচি চালাচ্ছে ইরান। আলোচনায় বসতে যে তেহরানের কোনো আপত্তি নেই, সেটাও স্মরণ করিয়ে দেন তিনি।

আইএইএ প্রধানের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানান ইরানি প্রতিনিধি। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার জাতিসংঘে প্রতিবেদন পাঠাচ্ছেন এলবারাদি। আইএইএ এর একটি সূত্র জানিয়েছে এ কথা। ইরান তার পরমাণু কর্মসূচি বন্ধ করবে না বলেই উল্লেখ থাকছে প্রতিবেদনে।

তবে ইরানের পরমাণু সঙ্কট নিরসনে আলোচনার পক্ষপাতি আইএইএ প্রধান। তাই এ নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে আলাপ আলোচনা করে বৈঠকে বসার দিনক্ষণ ঠিক করার আহ্বানও জানিয়েছেন তিনি।

আইএইএর একটি সূত্র জানায়, সংস্থার বোর্ড অফ গভর্নরসের ৫ মার্চের বৈঠকের আগে ইরানের বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে না জাতিসংঘ। ফলে আলোচনার জন্য ইরান আরও একটু সময় পাচ্ছে বলেই মনে করছেন অনেকে।

অন্যদিকে, পরমাণু সংক্রান্ত আলোচনার জন্য বুধবারই লারিজানির ইতালি রওনা হওয়ার কথা রয়েছে। সেখানে তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিষয়ক প্রধান হাভিয়ার সোলানার সঙ্গে বৈঠক করবেন।

ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনেই তা ব্যবহৃত হবে। কিন্তু পশ্চিমাদের সন্দেহ, ইরান পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে।

পরে বিষয়টি জাতিসংঘে তোলা হলে ২০০৬ সালের ডিসেম্বরে ইরানকে পরমাণু প্রযুক্তি ও উপাদান সরবরাহের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নিরাপত্তা পরিষদ। এছাড়া ৬০ দিনের মধ্যে পরমাণু বন্ধের সময়সীমা বেঁধে দেওয়া হয় যার সময়সীমা বুধবার শেষ হচ্ছে।