২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক থেকে সেনা প্রত্যাহার শুরুর ঘোষণা দিতে পারেন ব্লেয়ার

ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বুধবার ইরাক থেকে সেনা প্রত্যাহার শুরুর ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছে বৃটিশ গণমাধ্যম। এ বছরের মধ্যেই তিন হাজার সেনা এবং আগামী বছরের শেষ নাগাদ সম্পূর্ণ সেনা প্রত্যাহারের বিষয়ে বুধবার পার্লামেন্টে আলোচনা করতে পারেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2007, 03:19 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

তবে প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিট কার্যালয়ের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি অবশ্য জানান, সেনা প্রত্যাহারের বিষয়টিই সবার আগে পার্লামেন্টে আলোচনা করা হবে।

ইরাক থেকে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারের বিষয়টিকে দক্ষিণ ইরাকে ব্রিটিশ বাহিনীর সাফল্য হিসেবে তুলে ধরবেন ব্লেয়ার। ইরাকি নিরাপত্তা বাহিনী ধীরে ধীরে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণ করায় সেখান থেকে ব্রিটিশ সেনাদের ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে বলেও দাবি করবেন তিনি। বিবিসি নিউজ, দি সান ও দি টাইমস পত্রিকার প্রতিবেদনে একথা বলা হয়েছে।

এ গ্রীষ্মেই ১,৫০০ সেনাকে ঘরে ফিরিয়ে আনা হবে। সেনাদের প্রথম দলটি এপ্রিল মাসে দেশে আসতে পারে। বছরের শেষ নাগাদ আরও ১,৫০০ ব্রিটিশ সেনা প্রত্যাহার করা হবে ইরাক থেকে। এভাবে এ বছরেই ঘরে ফিরবে মোট তিন হাজার সেনা।

বাকি সেনাদের ফেরত আনা হবে ২০০৮ সালের মধ্যে। ইরাকের দক্ষিণাঞ্চলে মোট ৭,১০০ ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে।

২০০৩ সালে ইরাক যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে সমর্থন দেওয়া এবং সেখানে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার পর ব্রিটেনে ব্লেয়ারের জনপ্রিয়তায় ধস নামে। তাই এ বছরের শেষে প্রধানমন্ত্রীত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই সেনা ফিরিয়ে আনার কাজ শুরু করে কিছুটা হলেও নিজের ভাবমূর্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন তিনি।