জঙ্গি দমনে কঠোর হওয়ার নির্দেশ ইরাকি প্রধানমন্ত্রীর
যে কোনো জঙ্গি তৎপরতা শক্ত হাতে দমন করার নির্দেশ দিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকি। মঙ্গলবার নিরাপত্তা বাহিনীকে এই নির্দেশ দেন তিনি।
এদিন হঠাৎ করেই বাগদাদ পরিদর্শনে বের হন ইরাকি প্রধানমন্ত্রী। ইরাকি টেলিভিশনে দেখা যায়, মধ্য বাগদাদের একটি সাঁজোয়া গাড়ির কাছে দাঁড়িয়ে থাকা একজন ইরাকি সৈন্যের সঙ্গে কথা বলছেন মালিকি। ওই সৈন্য তাকে দেখাচ্ছিল ঠিক কোন জায়গা থেকে তাদের লক্ষ করে জঙ্গিরা গুলি ছোড়ে।
তখন মালিকি তাকে বলেন, “পাল্টা গুলি না ছুড়ে বরং যে সব জায়গা থেকে হামলা হচ্ছে সেগুলো গুঁিড়য়ে দাও। এ ব্যাপারে কোনো ছাড় দেবে না। সন্ত্রাসীদের প্রতি কোনো মায়া দেখানো যাবে না।”
সন্ত্রাসের কারণে বাস্তুচ্যুত ইরাকিদের সঙ্গেও কথা বলেন মালিকি। তাদের বলেন, “শিগগিরই বিজয়ীর বেশে ঘরে ফিরতে পারবেন আপনারা।”
এছাড়া, জাতিগত সংঘাত বন্ধের জন্যও ইরাকিদের প্রতি আহ্বান জানান তিনি।
বাগদাদে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর অভিযানের প্রাথমিক সাফল্যকে ‘অভাবনীয়’ বলে উল্লেখ করেছিলেন মালিকি। তবে কয়েকটি আত্মঘাতী বোমা হামলায় কয়েকশ ইরাকি নিহত হলে প্রতিরোধ অভিযান নিয়ে মালিকির আশাবাদ সংশয়ের মুখে পড়ে।
সরকারের নেতৃস্থানীয় শিয়া কর্মকর্তারা মনে করেন, এই অভিযান ব্যর্থ হলে সরকার জনগণের আস্থা হারাবে, যা আরো সহিংসতা, দাঙ্গা ও রক্তপাতের দিকে দেশটিকে ঠেলে দেবে।
