ট্রেনে বোমা হামলার বিষয় উঠবে প্রণব - কাসুরি বৈঠকেও
ট্রেনে বোমা হামলার পরও শান্তি আলোচনা এগিয়ে নিতে দৃঢ় অঙ্গীকার ঘোষণা করেছিল ভারত ও পাকিস্তান। আলোচনায় অংশ নিতে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মেহমুদ কাসুরিও পৌঁছে যান নয়া দিল্লিতে। বুধবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে বৈঠকে বসছেন তিনি। কিন্তু সাম্প্রতিক হামলা তাদের আলোচনায়ও যে ছায়া ফেলতে চলেছে তা যেমন কূটনীতিবিদরা বলছেন, তেমনি বলছেন বিশ্লেষকরাও। তবে সবকিছুর পরও আলোচনার ধারা অব্যাহত থাকায় সন্তোষ প্রকাশ করেছেন সবাই।
গত তিন মাসে এ নিয়ে তৃতীয় বার বৈঠকে বসছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। পারস্পরিক আস্থা অর্জন ও শান্তি আলোচনা এগিয়ে নেওয়াই এ বৈঠকগুলোর লক্ষ্য।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক কূটনীতিবিদ বুধবার রয়টার্সকে বলেন, “যতক্ষণ না পর্যন্ত আমরা সন্তষ্ট হব যে পাকিস্তান সন্ত্রাসীদের মদদ দেয়া বন্ধ করছে, ততক্ষণ পর্যন্ত আলোচনার এজেন্ডা হিসেবে সন্ত্রাস মোকাবেলার বিষয়টি থাকছেই।”
পাকিস্তানের মাটিতে সন্ত্রাসীদের লালন পালন হচ্ছে- নয়াদিল্লির এ অভিযোগের কথাও পুনর্বার স্মরণ করিয়ে দেন তিনি।
তবে তিনি বলেন, “আমরা আলোচনা চালিয়ে যেতে চাই। পাশাপাশি সন্ত্রাসীদের মদদ দেওয়া প্রশ্নে চাপ দেওয়াও বন্ধ করা হবে না।”
ভারতের ওই কর্মকর্তা জানান, সন্ত্রাস মোকাবেলায় যৌথভাবে কাজ করার বিষয়ে গত বছর যে আলোচনার সূত্রপাত হয়েছিল চলতি বৈঠকেও তা স্থান পাবে। এছাড়া পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি হ্রাসে দুই দেশের মধ্যে একটি চুক্তি হওয়ার কথা রয়েছে বুধবারের বৈঠকে।
একই দিন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গেও কাসুরির সাক্ষাতের কথা রয়েছে।
বোমা হামলার পরও আলোচনা এগিয়ে নেওয়ার ব্যাপারে দুই দেশের আন্তরিকতাকে উতিবাচক দৃষ্টিতেই দেখছেন বিশ্লেষকরা।এ প্রসঙ্গে পাকিস্তানের সাবেক সেনা কর্মকর্তা তালাত মাসুদ বলেন, “দুই দেশের সরকারই এখন বুঝতে পারছে, সন্ত্রাস মোকাবেলায় তাদের এক হয়ে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখতে হবে।”
এর সঙ্গে সুর মেলালেন দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুখ দেব মুনিও। তিনি বলেন, “এটা খুবই ইতিবাচক যে সাম্প্রতিক হামলার ঘটনার পরও দুই রাষ্ট্র আলোচনার পথ থেকে সরে আসেনি।”
দীর্ঘকালের বৈরিতা ভেঙ্গে তিন বছর আগে শান্তি আলোচনার সূচনা ঘটায় প্রতিবেশী রাষ্ট্র দুটি। যদিও এ পর্যন্ত কাশ্মীরসহ মূল সমস্যাগুলোর সমাধান হয়নি, তথাপি এটাকে দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় অগ্রগতির ধাপ হিসেবেই বিবেচনা করছে পর্যবেক্ষক মহল।
