২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে সিরিজ হামলায় জড়িত সন্দেহে আটক ৩

থাইল্যান্ডের মুসলিম অধ্যুষিত দক্ষিণাঞ্চলে সিরিজ বোমা হামলা ও গুলি করে হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার তিনজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। চান্দ্র নববর্ষের দিনে রোববার ওই সিরিজ হামলায় আটজন নিহত হন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 07:23 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

দক্ষিণাঞ্চলের সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ভিরোচ বাউচারুন জানান, আটক তিন ব্যক্তিই তাদের অপরাধ স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।

আটক ব্যক্তিরা ‘রুন্দা কুম্পালান কেচিল’ বা সংক্ষেপে ‘আর কে কে’ নামের একটি গেরিলা দলের সদস্য বলেও দাবি করেছেন তিনি। তাদের নাম পরিচয় সম্পর্কে  বিস্তারিত কিছু না জানালেও তিনি বলেন, এদের বয়স বিশ--ত্রিশের কোঠায় এবং এদের প্রত্যেকেরই ‘অত্যন্ত ভাল সামরিক প্রশিক্ষণ’ রয়েছে।

‘আর কে কে’ নামের অর্থ ‘ছোট পাহারাদার দল’। ২০০৬ সালের জানুয়ারি মাসে ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে প্রথম আর কে কের নাম শোনা গিয়েছিল। মালয়েশিয়া সীমান্তের কাছে থাইল্যান্ডের মুসলিম অধ্যুষিত অঞ্চলে ক্রিয়াশীল জঙ্গি সংগঠনগুলোর একটি বলে এদের চিহ্নিত করেছিল পত্রিকাটি।

পত্তনি প্রদেশে আরমান মাসুর নামের এক মুসলিম শিক্ষকের বাড়িকে ‘আর কে কে’ তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করে বলেও দাবি করা হয় ওই প্রতিবেদনে।