২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশ্বিক উষ্ণতা কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণে ইইউর মতবিরোধ

২০২০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্য মঙ্গলবার বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিবেশমন্ত্রীরা। গ্যাস নিঃসরণ ২০ ভাগ কমিয়ে আনার কথা বলা হয়েছে এ বিষয়ক খসড়া প্রস্তাবে। সাতাশটি দেশের ইইউ জোটের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে লক্ষ্যমাত্রা নিয়ে মতপার্থক্য থাকলেও এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হলে এটাই হবে বৈশ্বিক উষ্ণতা কমানোর লক্ষ্যে সবচেয়ে বড় পরিকল্পনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 06:41 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

২০২০ সালের মধ্যে প্রস্তাবিত ২০ ভাগ নিঃসরণ কমানো সম্ভব হলে তা ১৯৯০ সালের নিঃসরণমাত্রার সমপরিমাণ হবে বলেও জানানো হয় ওই প্রস্তাবে।

ইইউর খসড়া প্রস্তাবে বলা হয়, ২০২০ সালের মধ্যে গ্যাস নিঃসরণ ৩০ ভাগ পর্যন্ত কমিয়ে আনতে ইচ্ছুক তারা। তবে তা করতে হলে অন্য শিল্পোন্নত দেশগুলোকেও একইরকম পদক্ষেপ নিতে হবে এবং অর্থনৈতিকভাবে অগ্রসর দেশগুলোকেও এজন্য অবদান রাখতে হবে বলে ইইউ মত প্রকাশ করে।

কিন্তু ২০ ভাগ কিংবা ৩০ ভাগ নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ বাধ্যতামূলক করার বিরোধিতা করছে হাঙ্গেরি ও পোল্যান্ড। ফিনল্যান্ড মনে করে ইইউর এককভাবে এ ধরণের লক্ষ্য স্থির করা ঠিক হবে না।

অন্যদিকে সুইডেন ও ডেনমার্ক বলছে, শুরু থেকেই ৩০ ভাগের লক্ষ্যমাত্রার প্রতি প্রতিশ্র“তিবদ্ধ থাকা উচিৎ ইইউর।

তবে, প্রস্তাব অনুসারে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলে কোন দেশের কতটা নিঃসরণ কমাতে হবে তা নিয়েও বিরোধ আছে জোটের সদস্য দেশগুলোর মধ্যে।

জলবায়ু পরিবর্তন রোধে বৈশ্বিক উষ্ণতা কমানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে দেশগুলোকে যে অর্থনৈতিক দায়দায়িত্ব নিতে হবে তার ভাগাভাগি নিয়েও মতবিরোধ আছে ইইউর পুরনো ও নতুন সদস্য দেশগুলোর মধ্যে।

এরপরও বিশ্লেষকরা মনে করছেন ছাড় দিয়ে হলেও বৈশ্বিক উষ্ণতা রোধে একটি কার্যকর চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে ইইউ।