২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ণ মর্যাদায় ইরাক ছাড়তে চায় মার্কিন সেনারা: চেনি

ইরাক অভিযান শেষে পূর্ণ মর্যাদায় দেশে ফিরতে চায় মার্কিন সেনাবাহিনী, বুধবার একথা বলেন জাপান সফররত মার্কিন ভাইস পেসিডেন্ট ডিক চেনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2007, 03:47 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

টোকিওর ইয়োকোসুকা নৌঘাঁটিতে বক্তব্য রাখার সময় একথা বলেন চেনি।

“আমরা মনে করি শক্তিশালীরা কখনও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ায় না। দুর্বলরাই সন্ত্রাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে,” বলেন চেনি।

“ইরাকে অভিযান শেষ না হওয়ার আগেই যদি আমরা সেদেশ ছাড়ি তাহলে শত্র“রা আমাদের পিছু নেবে, হামলা চালাবে। আমরা তা কখনই হতে দেব না। পূর্ণাঙ্গ ও সফল অভিযান শেষে পূর্ণ মর্যাদায় ফিরে আসবে আমাদের সেনাবাহিনী।”

ইরাক ইস্যুতে নিজ দেশে বুশ প্রশাসনের জনপ্রিয়তা কমে যাওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর কাছেও মার্কিন ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের মিত্র দেশ জাপানের প্রতিরক্ষামন্ত্রী ফুমিও কিউমা ইরাক যুদ্ধকে ‘স্রেফ একটি ভুল সিদ্ধান্ত’ এবং পররাষ্ট্রমন্ত্রী তারো আসো ইরাক যুদ্ধ কৌশলকে ‘অপরিণত’ বলে মন্তব্য করায় কিছুটা বেকায়দায় পড়ে যুক্তরাষ্ট্র।

এদিকে, মঙ্গলবার প্রকাশিত এক জনমত জরিপে দেখা গেছে, বেশিরভাগ জাপানিই মনে করে ইরাক ইস্যুতে প্রতিরক্ষামন্ত্রী ফুমিও কিউমার কথাই ঠিক- ইরাকে যুদ্ধ শুরু করাটা ছিল একটি ভুল পরিকল্পনা।

তাদের এই মন্তব্য চাপের মুখে ফেলেছে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে। ইতোমধ্যে চেনির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন তিনি। বৈঠকে চেনিকে আশ্বস্ত করে তিনি বলেন, ইরাক ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রতি জাপানের সমর্থন ও সহযোগী মনোভাব অপরিবর্তিত থাকবে।

এর আগে মন্ত্রীসভার প্রধান ইয়াসুহিসা শিয়োজাকির সঙ্গে এক সাক্ষাতকারে ইরাকে যৌথবাহিনীতে সরাসরি যুদ্ধে অংশ নেবে না এমন ৫৫০ জাপানি সেনা পাঠানোর জন্য তাকে ধন্যবাদ জানান চেনি।

জাপান সফর শেষে চেনি প্রথমে গুয়াম এবং পরে অস্ট্রেলিয়া সফর করবেন বলে কথা রয়েছে।