২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে বুশেহরে কাজ বন্ধ রাখছে রাশিয়া

বুশেহর পরমাণু কেন্দ্রের নির্মাণ কাজ বন্ধ রাখার পেছনে রাশিয়া ইরানের কাছ থেকে সময়মতো মজুরি না পাওয়ায় কারণ দেখালেও জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুশেহরে পরমাণু জ্বালানি সরবরাহকারী রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়ক্সপোর্ট এমনই ইঙ্গিত দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 07:00 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

অ্যাটমস্ট্রয়ক্সপোর্টের এক সূত্র জানায়, বুশেহর পরমাণু কেন্দ্রের নির্মাণ কাজ বন্ধ রাখার পেছনে আরেকটি কারণ হলো ইরানের ওপর জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা। ওই নিষেধাজজ্ঞার আওতায় পরমাণু বোমা তৈরিতে সহায়ক হতে পারে এমন যেকোনো পদার্থ ইরান ও অন্য দেশগুলোর মধ্যে লেনদেন নিষিদ্ধ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির মুখপাত্র ইরিনা ইয়াসিপোভা বলেন, “ওই নিষেধাজ্ঞার কারণে বেশ কয়েকটি দেশ ইরানকে পরমাণু সরঞ্জাম সরবরাহ করছে না। সে কারণে এগুলো সরবরাহের ভার রাশিয়ার একার ওপর এসে পড়েছে। পরিস্থিতি খুবই ভয়াবহ।”  

এর আগে রাশিয়ার আণবিক শক্তি সংস্থা রোসাটমের একটি সূত্র জানান, বুশেহর পরমাণু কেন্দ্রের নির্মাণকাজ শেষ করার জন্য পূর্বনির্ধারিত সময় পিছিয়ে দেওয়া হবে। এক মাসেরও বেশি সময় ধরে ইরান রাশিয়ার প্রাপ্য মজুরি পরিশোধ করছে না বলে তিনি জানান।

তবে তেহরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ওই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, তাদের কাছে রাশিয়ার কোনো পাওনা নেই। বরং তারা মস্কোর সঙ্গে স্বাক্ষরিত চুক্তির সব শর্ত সবসময়ই মেনে চলেছেন।

বার্তা সংস্থা ইরনা ইরানের আণবিক শক্তি সংস্থার উপপ্রধান মোহাম্মদ সাদিকে উদ্ধৃত করে জানায়, “চুক্তি অনুযায়ী এখন পর্যন্ত নির্ধারিত তারিখেই সব মজুরি পরিশোধ করা হয়েছে।”

রাশিয়া বুশেহরে ইরানের প্রথম পরমাণু কেন্দ্র নির্মাণ কাজ শুরু করে ১৯৯০ এর দশকের শুরুতে। কারিগরি সমস্যার কারণে বিভিন্ন সময় তারা নির্মাণ কাজ বন্ধ রাখে। তবে এবার কতদিন নির্মাণ কাজ বন্ধ রাখা হবে রাশিয়া তা জানায়নি।

আগামী মাস থেকে ওই কেন্দ্রে পরমাণু  জ্বালানি সরবরাহের কথা ছিল রাশিয়ার। ফলে আগামী সেপ্টেম্বরে এটি চালু হওয়ার কথা থাকলেও তা এখন পিছিয়ে যাচ্ছে।

ইরানের পরমাণু উচ্চাশা নিয়ে সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে এ পরমাণু কেন্দ্র নিয়ে রাজনৈতিক বিতর্ক দিন দিন বাড়ছে। যুক্তরাষ্ট্রের সন্দেহ ইরান সেখানে পরমাণু বোমা বানানোর পরিকল্পনা করছে। সে কারণে বুশেহর পরমাণু কেন্দ্রের নির্মাণ কাজ বন্ধ রাখা নিয়ে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করছে দেশটি। তবে ইরান ও রাশিয়া উভয়ই বলছে, এ কেন্দ্রে কেবল বিদ্যুৎ উৎপাদন করা হবে।

এদিকে ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ক প্রধান আলোচক আলী লারিজানি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিচালক মোহাম্মদ এলবারাদির সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসবেন বলে কথা রয়েছে। এর একদিন পরেই (২১ ফেব্র“য়ারি) ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ সংক্রান্ত নিরাপত্তা পরিষদের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে। ওইদিন আইএইএ এ সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করবেন।