বোমা হামলা সত্ত্বেও শান্তি আলোচনা এগিয়ে নিতে বদ্ধপরিকর ভারত - পাকিস্তান
ট্রেনে ভয়াবহ বোমা হামলা সত্ত্বেও শান্তি আলোচনা এগিয়ে নিতে বদ্ধপরিকর ভারত - পাকিস্তান। পূর্ব নির্ধারিত সফরে দিল্লি রওনা হচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মেহমুদ কাসুরি। ভারত ও পাকিস্তান সরকার ট্রেনে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে। নিন্দা জানিয়েছে ওয়াশিংটনও। এদিকে সন্দেহভাজন দুই হামলাকারীর ছবি প্রকাশ করেছে ভারতীয় পুলিশ।
দিল্লির পাকিস্তানি দূতাবাস জানিয়েছে, মঙ্গলবার বিকেল নাগাদ খুরশিদ মেহমুদ কাসুরি দিল্লি পৌঁছবেন। এর আগে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত ভারত সফর বাতিল হবে না বলে জানায়। পরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা টেলিফোনে পরস্পরের সঙ্গে কথা বলেন।
সোমবার পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ ঘোষণা করেন, “ট্রেনে হামলার ঘটনায় উত্তেজনা সৃষ্টি করে পাকিস্তান - ভারত শান্তি প্রক্রিয়াকে নস্যাৎ করার সুযোগ দেওয়া হবে না।” তিনি বলেন, “দুই দেশের নেতাদের অবিচল থাকতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।”
সব ‘জঘণ্য অপরাধেরই’ একটা পাল্টা প্রতিক্রিয়া আছে উল্লেখ করে পাকিস্তানি প্রেসিডেন্ট বলেন, “এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দুই দেশের মধ্যে স্থায়ী শান্তির লক্ষ্যে দ্বিপাক্ষিক সমঝোতা উদ্যোগের নানা সমস্যা সমাধানের উপায়কে দুর্বল না করে বরং আরও শক্তিশালী করবে।”
হোয়াইট হাউজের মুখপাত্র ডেভিড আলমাসি সোমবার ভারতে ট্রেনে বোমা হামলার ঘটনা নিন্দা জানিয়ে বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান শান্তি আলোচনা ব্যাহত করার উদ্দেশ্যেই ওই হামলা চালানো হয়।”
ভারতীয় পুলিশ মঙ্গলবার সন্দেহভাজন দুই হামলাকারীর হাতে আঁকা ছবি প্রকাশ করেছে। পানিপথে সংবাদ সম্মেলনে এগুলো প্রকাশ করেন দেশটির পুলিশ প্রধান শরোদ কুমার। তিনি বলেন, “রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ দুই জন ট্রেনে চড়ে। তার ১৫ মিনিট পরই বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ ঘটিয়েই তারা ট্রেন থেকে লাফিয়ে নেমে যায়।”
রেলমন্ত্রী লালুু প্রসাদ যাদবের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানায়, পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, ট্রেনে যে বোমাগুলোর বিস্ফোরণ ঘটানো হয়েছিল, সেগুলো খুব বেশি শক্তিশালী ছিল না। কিন্তু বগিতে আগুন ধরে যাওয়ায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
এদিকে ট্রেনের আহত ১৩ যাত্রীকে দিল্লি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবারই দেহ ভয়ানকভাবে পুড়েছে।
বেঁচে যাওয়া যাত্রীদের অধিকাংশকেই অন্য ট্রেনে পাকিস্তান পাঠানো হয়।
রোববার রাতে নয়াদিল্লি¬ থেকে ৮০ কিলোমিটার দূরে হরিয়ানা প্রদেশের পানিপথ নামে স্থানে সমঝোতা এক্সপ্রেসে দুটি বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ট্রেনের কয়েকটি বগিতে আগুন ধরে যায়। এতে নিহত হয় ৬৬ জন। মোট ৬ শ’ যাত্রী নিয়ে ট্রেনটি পাকিস্তানে যাচ্ছিল।
