এলবারাদির সঙ্গে বৈঠক করবেন লারিজানি
ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ক প্রধান আলোচক আলী লারিজানি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিচালক মোহাম্মদ এলবারাদির সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসবেন।
এর একদিন পরেই (২১ ফেব্র“য়ারি) ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ সংক্রান্ত নিরাপত্তা পরিষদের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হবে। ওইদিন আইএইএ এ সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করবে বলে কথা রয়েছে।
আইএইএর এক কর্মকর্তা জানান, ইরান লারিজানি - এলবারাদি বৈঠক আয়োজনে তাদের অনুরোধ জানিয়েছিল।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এর আগে ওই বৈঠকের কথা জানিয়েছিল। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হবে তা জানানো হয়নি। আইএইএর ওই কর্মকর্তাও বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে কিছু জানাতে রাজি হননি।
তবে তারা ইরান পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে সৃষ্ট সঙ্কট সমাধানে আরও সময় দেওয়া সংক্রান্ত এলবারাদির প্রস্তাব নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
বছর কয়েক আগে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে এক চুক্তিতে সম্মত হয়েছিল ইরান। ২০০৫ সালে অবশ্য তা ভেঙ্গে যায়। তারপর থেকে ক্রমাগত চাপের মুখেও পরমাণু কর্মসূচি অব্যাহত রাখে ইরান। এ জন্য গত বছরের শেষ দিকে দেশটির ওপর নিষেধাজ্ঞাও আরোপ করে জাতিসংঘ।
ইরান দাবি করে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনেই তা ব্যবহৃত হবে। কিন্তু পশ্চিমাদের সন্দেহ, পরমাণু বোমা তৈরির অভিলাষ রয়েছে দেশটির।
