২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের চার প্রদেশের প্রায় ৩০টি স্থানে রোববার সন্ধ্যায় সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা ৬ এ দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 03:50 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

এছাড়া, পত্তনি প্রদেশে একটি গাড়ির শোরুমে সোমবার সকালে বোমা বিস্ফোরিত হলে চারব্যক্তি আহত হন। আরেক ঘটনায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন তিন সাধারণ নাগরিক।

এদিকে, আইন - শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার নিরাপত্তা বিষয়ক জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সর্যুদ চুলানন্ত।

এর কয়েক ঘণ্টা আগে ইয়ালা প্রদেশে বাড়ীর প্রবেশদ্বারে বোমা বিস্ফোরণে মারা যান সেনাবাহিনীর এক মেজর। বিস্ফোরকভর্তি একটি ব্যাগ তোলার সময় বিস্ফোরণটি ঘটে। এ সময় আহত হয় তার সাত বছরের ছেলে।

“আমরা চীনা চান্দ্র বর্ষের প্রথম দিনটি নিরাপদে পালনের জন্য থাইল্যান্ডের সর্বত্র সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নিলেও সেনাবাহিনীকে টহল দেওয়া থেকে বিরত রাখি। সেনাবাহিনীর টহলের কারণে পর্যটকরা ভীত হয়ে পড়েন বা চলে যান এটা আমরা চাইনি,” সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বেতার স্টেশনে একথা জানান সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আক্রা তিপ্রতি।

তিনি আরও বলেন, সিরিজ বোমা বিস্ফোরণের উদ্দেশ্য ছিল জনগণের মধ্যে ভীতি ছড়িয়ে দেওয়া এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে থাই সরকার যে সচেষ্ট নয় তা প্রমাণ করা।

উল্লেখ্য, রোববার নারাথিওয়াত, ইয়ালা, শঙ্খলা ও পত্তনি প্রদেশে একই সময় বোমাগুলোর বিস্ফোরণ ঘটে। হামলার লক্ষ্যস্থল ছিল হোটেল, পানশালা, স্কুল, পেট্রোল পাম্প ও বিদ্যুৎ কেন্দ্র।

পুলিশ রেডিওতে বলা হয়, নারাথিওয়াতের সাঙ্গাই শহরে পাঁচটি পানশালা ও তিনটি স্কুলে এক যোগে বোমার বিস্ফোরণ ঘটে। এতে একজন নিহত ও ২২ জন আহত হন।

পত্তনি প্রদেশের রাজধানীর বিদ্যুৎ কেন্দ্রে হামলা হওয়ায় পুরো শহর অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। 

ইয়ালা প্রদেশের রাজধানীতে বিস্ফোরণে দুজন নিহত ও ২৪ জন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।