২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাধ জগতের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইসরায়েলের পুলিশ প্রধানের অব্যাহতি

অপরাধ জগতের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন ইসরায়েলের পুলিশ প্রধান মোজে কারাদি। তার পদত্যাগ করা উচিত- সরকারের একটি তদন্ত কমিটি এ সিদ্ধান্তে পৌঁছানোর পর তিনি সরে দাঁড়ালেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 02:03 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

অপরাধ জগতের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর পুলিশ প্রধান মোজে কারাদির ওই পদে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। ইসরায়েলের জনগণের ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

১৯৯৯ সালের একটি হত্যাকাণ্ডের সঙ্গে অপরাধ জগতের এক নেতার যোগসাজশের সূত্র ধরে পুলিশ তাকে জেরা করলে কারাদি নিজেকে নির্দোষ প্রমাণে ব্যর্থ হন। আততায়ী অপরাধ জগতের সঙ্গে জড়িত একজন পুলিশ অফিসার- এই সূত্র ধরে তাকে জেরা করে সরকারের বিশেষ ওই তদন্ত কমিশন। নিহত ব্যক্তিও অপরাধ জগতের একজন শীর্ষ নেতা ছিল।  

নিজের অপরাধ ঢাকতে সেসময় তড়িঘড়ি আরেক পুলিশ অফিসারকে পদোন্নতি দেন কারাদি। তখন তিনি পুলিশ ডিপার্টমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কারাদি অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগকে ‘অপ্রমাণিত’ বলে দাবি করেছেন। তবে পুলিশি হয়রানি ও ‘মিথ্যাচার’র  হাত থেকে রক্ষা পেতে তিনি সরে দাঁড়াচ্ছেন বলে জানান।

এর আগে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও ধর্ষণের অভিযোগে প্রেসিডেন্ট মোসে কাতসভ বিস্তর সমালোচিত হয়েছেন।