বাগদাদে গাড়িবোমা হামলায় নিহত ৫৫
মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর ব্যাপক অভিযানের মধ্যে রোববার বাগদাদে তিনটি গাড়িবোমা হামলা হয়েছে। এতে কমপক্ষে ৫৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
পুলিশ জানায়, প্রথম দফায় শিয়া অধ্যুষিত নয়া বাগদাদের একটি বাজারে দুটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। এতে ৫৪ জন নিহত ও ১২৮ জন আহত হন।
রয়টার্সের আলোকচিত্রী কার্লোস বারিয়া জানান, তিনি ঘটনাস্থলে বেশ কয়েকটি লাশ পড়ে থাকতে দেখেছেন। নিহতের মধ্যে শিশুও রয়েছে। বিস্ফোরণে বাজারের দ্বিতল একটি ভবন ধসে পড়ে।
ঘটনার পরপরই মার্কিন ও ইরাকি সেনারা এলাকাটি ঘিরে ফেলে বলে জানান কার্লোস।
ওই ঘটনার পরপরই তৃতীয় বিস্ফোরণটি ঘটে সদর সিটিতে। একটি চেক পয়েন্ট লক্ষ্য করে ওই হামলায় নিহত হন এক পুলিশ সদস্য।
এদিকে ইরাকি পুলিশ শনিবার বাগদাদের বিভিন্ন স্থান থেকে পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছে। তবে এটাকে অগ্রগতি বলেই দেখা হচ্ছে। কারণ, গত কয়েকদিনের মধ্যে এটাই ছিল একদিনে সবচেয়ে কম লাশ উদ্ধারের ঘটনা।
দুদিন আগেই বাগদাদ অভিযানের সাফল্যে উচ্ছ্বসিত হয়েছিলেন ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মলিকিও। বলেছিলেন, এর ফলে সহিংসতার মাত্রা উল্লেখযোগ্য হারে কমেছে।
