পরমাণু কর্মসূচি বন্ধে আবারও ইরানের না
পরমাণু কর্মসূচি কোনোভাবেই বন্ধ করা হবে না বলে আবারও বলেছে ইরান। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে একথা।
তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলী হোসাইনি বলেন, “নিরাপত্তা পরিষদের দাবি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার কোনো যৌক্তিকতাই নেই। নেই কোনো আইনি ভিত্তিও। সুতরাং এ দাবি মেনে নেওয়ার নয়।”
২১ ফেব্র“য়ারির মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের জন্য নিরাপত্তা পরিষদ ইরানকে সময় বেঁধে দিয়েছিল।
বছর কয়েক আগে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে এক চুক্তিতে সম্মত হয়েছিল ইরান। ২০০৫ সালে অবশ্য তা ভেঙ্গে যায়। তারপর থেকে ক্রমাগত চাপের মুখেও পরমাণু কর্মসূচি অব্যাহত রাখে ইরান। এ জন্য গত বছরের শেষ দিকে দেশটির ওপর নিষেধাজ্ঞাও আরোপ করে জাতিসংঘ।
ইরান দাবি করে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনেই তা ব্যবহৃত হবে। কিন্তু পশ্চিমাদের সন্দেহ, পরমাণু বোমা তৈরির অভিলাষ রয়েছে দেশটির।
