২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে নমনীয় হতে আহ্বান জানাবেন আব্বাস

ফিলিস্তিনের নতুন জাতীয় ঐক্য সরকারের ব্যাপারে যুক্তরাষ্ট্রের মনোভাব নমনীয় করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের প্রতি আহ্বান জানাবেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আব্বাসের এক কর্মকর্তা শনিবার একথা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 07:55 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

আগামী সোমবার জেরুজালেমে অনুষ্ঠেয় ইসরায়েল--মার্কিন--আব্বাস ত্রিপক্ষীয় বৈঠকের আগে রাইসকে এ অনুরোধ জানাবেন তিনি। ওই বৈঠকের আগে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলাদাভাবে বৈঠকে বসবেন রাইস।

আব্বাসের এক কর্মকর্তা বলেছেন,“আমরা মার্কিন প্রশাসনকে অনুরোধ জানাব জাতীয় ঐক্য সরকারের সঙ্গে কাজ করতে।”

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যদি সত্যিই আব্বাসের হাতকে শক্তিশালী করতে চায় তাহলে নতুন করে শান্তি প্রক্রিয়া শুরু করতে ইসরায়েলকে চাপ প্রয়োগ করতেও তাদের অনুরোধ জানানো হবে।”

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “ যুক্তরাষ্ট্রের নীতি ঠিক করার আগে ফিলিস্তিনি  ঐক্য সরকারের কাঠামো দেখার জন্য অপেক্ষা করবেন তারা।”

এক আকস্মিক সফরে শনিবার বাগদাদ সফর শেষে জেরুজালেমে পৌঁছেছেন রাইস। সেখানে পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি’র সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ফিলিস্তিনি সরকারকে সহযোগিতা করার পূর্বশর্ত হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া এবং সহিংসতা বন্ধের কথা বলে আসছে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়ার চতুর্পক্ষীয় উদ্যোগের সদস্যরা। কিন্তু প্রধানমন্ত্রী হানিয়ার নেতৃত্বাধীন হামাস বলছে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তিন সপ্তাহের মধ্যে ঐক্য সরকার গঠনের প্রতিশ্র“তি দিয়েছেন প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া।