২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আল কায়েদা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ফাঁপানো’

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর থেকে আল কায়েদা নিয়ে ‘ফাঁপানো’ প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্র। দীর্ঘ গবেষণার পর এমন সিদ্ধান্তেই পৌঁছেছেন মার্কিন লেখক অধ্যাপক জন মুয়েলার। তার এই সিদ্ধান্তের পক্ষে যুক্তিও তুলে ধরেছেন নিজের সর্বসাম্প্রতিক বই ‘ওভারব্লোন: হাউ পলিটিশিয়ানস অ্যান্ড টেররিজম ইন্ডাস্ট্রি ইনফ্লেট ন্যাশনাল সিকিউরিটি থ্রেটস, অ্যান্ড হোয়াই উই বিলিভ দেম (ফাঁপানো: কীভাবে রাজনীতিবিদ ও সন্ত্রাসবাদ বিশেষজ্ঞরা জাতীয় নিরাপত্তার হুমকিকে ফুলিয়ে - ফাঁপিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছে, এবং কেন আমরা তা বিশ্বাস করেছি)’ এ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2007, 07:45 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

ওহাইও স্টেট ইউনির্ভাসিটিতে জাতীয় নিরাপত্তা বিষয়ক বিভাগের প্রধান অধ্যাপক মুয়েলার লন্ডনে এসেছিলেন উচ্চপর্যায়ের একটি নিরাপত্তা বিষয়ক সম্মেলনে অতিথি বক্তা হিসেবে। সেখানে রয়টার্সকে তিনি বলেছেন কেন তিনি এ সিদ্ধান্তে পৌঁছালেন।

তার মতে, ২০০১ সালের পর আল কায়েদা যুক্তরাষ্ট্রের ওপর আর হামলা চালায়নি। অথচ আল কায়েদার সম্ভাব্য হামলাস্থল হিসেবে সারা যুক্তরাষ্ট্রে ৮০ হাজার স্থান চিহ্নিত করেছে অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তর।

এছাড়া, মার্কিন কর্মকর্তারা আল কায়েদার হুমকির বিষয়টি এমনভাবে উপস্থাপন করেছেন যেন তারা ধূমকেতুর মতো উদয় হয়ে পৃথিবীকে ধ্বংস করতে আসছে। মুয়েলারের মতে, সন্ত্রাসী তৎপরতায় কারও মৃত্যুর সম্ভাবনা ৮০ হাজারের বিপরীতে এক যা কেবল ধূমকেতু কিংবা মহাকাশ বর্জ্যরে আঘাতে পৃথিবী ধ্বংসের সম্ভাবনার সমতুল্য।

“আল কায়েদার হুমকিকে ফাঁপানো হয়েছে... এর মানে এই নয় যে এ ধরনের হামলার সম্ভাবনা নেই, কিন্তু আমি মনে করি না তাতে মহাজাগতিক হামলার মতো হটাৎ করেই মানবজাতির অস্তিত্ব বিলীন হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে।”

নিজের বইয়ে মুয়েলার ১১ সেপ্টেম্বরের হামলার পর থেকে অভিজ্ঞ রাজনীতিবিদ ও নিরাপত্তা কর্মকর্তাদের বিভিন্ন সময়ে করা মন্তব্য বিশ্লেষণ করেছেন।

এরপর তিনি প্রশ্ন করেছেন, কেন আল কায়েদা আর যুক্তরাষ্ট্রের ওপর হামলা করতে পারেনি, অথচ ওসামা বিন লাদেনের দলটি সক্রিয় আছে এবং যুক্তরাষ্ট্রের ওপর আবারও হামলা করতে আসছে- কতবার এ ধরনের সতর্কবার্তা জারি করেছে সরকার।

এ পর্যায়ে তিনি ২০০৩ সালে কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) সাবেক পরিচালক রবার্ট মুয়েলারের একটি মন্তব্য উদ্ধৃত করে বলেছেন, “আল কায়েদার সবচেয়ে বড় হুমকি হল তাদের যুক্তরাষ্ট্র শাখা কখন হামলা চালাতে পারে তা আমরা এখনও বুঝেই উঠতে পারিনি।”

এর পেছনের কারণ হিসেবে জন মুয়েলার যে যুক্তিটি তুলে ধরেছেন তা হল, আসলে যতটা বিপজ্জনক বলে ভাবা হচ্ছিল হামলার হুমকি তার ধারে কাছেও ছিল না। সম্ভবত যুক্তরাষ্ট্রে আল কায়েদার কোনো শাখাই নেই, কিংবা থাকলেও তা খুবই দুর্বল।

“এফবিআই যদি বলে যে যুক্তরাষ্ট্রে আল কায়েদার শাখার খোঁজ এখনও তারা পায়নি তবে কেন আমরা তাদের এত টাকা দিয়ে নিয়োগ করেছি?”

মুয়েলারের হিসেব অনুযায়ী আল কায়েদার হামলায় সারাবিশ্বে যুদ্ধক্ষেত্রের বাইরে এ পর্যন্ত অন্তত ২০০ মানুষ নিহত হয়েছেন।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে প্রতিবছর তো গোসল করতে গিয়ে বাথটাবে ডুবেই মারা যান ২০০ থেকে ৩০০ জন।” 

“কাজেই আল কায়েদার হামলায় প্রায় ২০০ মানুষ নিহত হয়েছেন- এ সংখ্যাটা আপাতদৃষ্টিতে বড় মনে হলেও আন্তর্জাতিক ব্যবস্থা কিংবা আধুনিক রাষ্ট্রের জন্য তারা মোটেও অনেক বড় কোনো হুমকি নয়।”