ঐকমত্যের সরকার গঠনে হানিয়ার প্রতি আব্বাসের আনুষ্ঠানিক আহ্বান
ঐকমত্যের সরকার গঠনে ইসমাইল হানিয়ার প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৃহস্পতিবার গাজায় যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
আনুষ্ঠানিক ঘোষণায় মাহমুদ আব্বাস বলেন, “ইসমাইল হানিয়া, আমি আপনাকে নতুন সরকার গঠনের আহ্বান জানাচ্ছি।” একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি মেনে চলতেও আহ্বান জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট।
তখন পাশে বসা হানিয়া জানান, নতুন মন্ত্রিসভা শিগগিরই গঠন করছেন তিনি।
এর আগে ইসমাইল হানিয়া প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন। নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন তিনি।
মক্কা চুক্তি অনুসারে ঐকমত্যের সরকারের খুঁটিনাটি বিষয় নিয়ে বুধবার আলোচনায় বসেন ফাতাহ ও হামাস নেতারা। তবে এখনো বেশ কিছু বিষয় নিয়ে মতভেদ রয়েছে বলে জানা গেছে।
সদ্ব্য বিলুপ্ত হামাস সরকারের মুখপাত্র গাজি হামিদ বৃহস্পতিবার ইসরায়েল রেডিওকে বলেন, “সমস্যা এখনও অনেক।” স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে দুই পক্ষে এখন পর্যন্ত সমঝোতা হয়নি বলে তিনি জানান।
এছাড়া হামাস সরকারের সময় গঠিত সাড়ে ৫ হাজার সদস্যের বিশেষ পুলিশ বাহিনী নিয়েও সমস্যা রয়েছে। ফাতাহ গ্র“পের দাবি, এ বাহিনী বিলুপ্ত করতে হবে। কিন্তু হামাস তাতে রাজি নয়।
এদিকে পশ্চিমা অবরোধ তুলে নেওয়া নিয়েও আশার কোনো আলো দেখা দেয়নি। ফিলিস্তিনের এক কর্মকর্তা বলেন, “যুক্তরাষ্ট্র জানিয়েছে, হামাস নেতৃত্বাধীন যে কোনো সরকারকে তারা বয়কট করবে। সরকারে অর্ন্তভুক্ত ফাতাহ ও নির্দলীয় ব্যক্তিদের সঙ্গেও একই আচরণ করা হবে, যেমনটা হামাসের সঙ্গে করা হচ্ছে।”
সোমবার জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস ও ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মাহমুদ আব্বাস।
কিন্তু পশ্চিমাদের দাবি অনুযায়ী হামাস ইসরায়েলকে স্বীকৃতি দেবে কি না, তা এখনো স্পষ্ট নয়। ফলে নিষেধাজ্ঞা প্রত্যাহারও অনিশ্চিত হয়ে পড়েছে।
