২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কসভোর স্বাধীনতার প্রস্তাব সার্বিয়ার পার্লামেন্টে নাকচ

কসভোর স্বাধীনতা প্রদানে জাতিসংঘ প্রস্তাব একযোগে নাকচ করেছে সার্বিয়ার প্রধান সব রাজনৈতিক দল। ওই প্রস্তাবকে দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাবিরোধী আখ্যা দিয়ে একটি প্রস্তাব পাশ করে পার্লামেন্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 05:13 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

বুধবার এ নিয়ে ভোট হয় সার্বিয়ার পার্লামেন্টে। তাতে ২৫০ সদস্যের পার্লামেন্টের ২২৫ জনই সার্বিয়ার প্রস্তাব অনুমোদন করে। গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, ‘আরোপিত স্বাধীনতার’ ফলাফল হবে সুদূরপ্রসারী এবং এর ফলে অস্থিতিশীল হয়ে উঠবে পুরো বলকান অঞ্চল।

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল র‌্যাডিকেল পার্টির উপপ্রধান তমিস্লাভ নিকোলিচ বলেন, “কসভো আমাদের সঙ্গেই থাকবে। তবে এ নিয়ে আলোচনা চলতে পারে।”

প্রধানমন্ত্রী পদে সম্ভাব্য প্রার্থী ডেমোক্রেট পার্টি নেতা বোয়িদার দেলিচ বলেন, “আমরা সার্বিয়াকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) করতে চাই। কিন্তু মাতৃভূমিকে বিভক্ত করে নয়।”

প্রসঙ্গত, কসভোর ২০ লাখ মানুষ ১৯৯৯ সাল থেকে স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে আসছে। এক সময় স্লবোদন মিলোসোভিচের নেতৃত্বে ব্যাপক দমন পীড়ন চালানো হয় তাদের ওপর। পরে ন্যাটো বাহিনীর হস্তক্ষেপে ওই অঞ্চলে সংঘাত বন্ধ হয়।