২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সন্ত্রাসীদের’ শক্ত হাতে দমন করবে শ্রীলঙ্কা

তামিল বিদ্রোহীদের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’র উপযুক্ত জবাব দেওয়া হবে- বিচ্ছিন্নতাবাদী গেরিলাদের হুঁিশয়ার করে বলেছেন শ্রীলঙ্কার উপ পররাষ্ট্রমন্ত্রী পালিথা কোহোনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 04:36 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

বেইজিঙে এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার তিনি বলেন, “শ্রীলঙ্কায় খুব কম দিনই যায় যেদিন আত্মঘাতী বোমা, ভূমি মাইন, হাত বোমার বিস্ফোরণ ঘটে না। তামিল বিদ্রোহীদের এসব বোমার শিকার হন সেনাবাহিনীর সদস্য, নিরীহ সাধারণ নাগরিক এবং এলটিটিই বিরোধীরা।”

“গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যে পরিমাণ আত্মঘাতী বোমা হামলা হয়েছে তার চেয়েও অনেক বেশি আত্মঘাতী বোমা হামলাকারী আছে শ্রীলঙ্কায়। এখন থেকে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড শক্ত হাতে দমনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর  সন্ত্রাস রুখতে পৃথিবীর কোনো দেশই শিশুর হাতের দস্তানা ব্যবহার করে না!”

তামিল বিদ্রোহীদের দমনে সহিংসতার পথ বেছে নিচ্ছে শ্রীলঙ্কা সরকার- এই অভিযোগ খণ্ডন করে তিনি বলেন, অন্যান্য দেশের মতো তার দেশও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছে।

দেশটির শান্তি বিষয়ক সচিবালয়েরও প্রধান কোহোনা বলেন, “শ্রীলঙ্কা কীভাবে সন্ত্রাস দমন করবে তা নিয়ে কেন প্রশ্ন তোলা হয় তা আমরা বুঝি না। জাতিসংঘ সন্ত্রাসীদের যেভাবে দমন করছে, আমরা নিশ্চয়ই তা থেকে আলাদা পদ্ধতি অনুসরণ করব না।”

“সরকার যখন দেশের পূর্বঞ্চলীয় এলাকায় অভিযান শুরু করেছে তখন থেকে তামিল বিদ্রোহীদের হামলার সংখ্যা যথেষ্ট পরিমাণে কমে গেছে।”

নরওয়ের মধ্যস্থতায় শান্তি প্রক্রিয়া এখনও চালিয়ে যাওয়া সম্ভব উল্লেখ করে তিনি বলেন, “তারা তামিল বিদ্রোহীদের আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।”

“কিন্তু যতদিন তামিল বিদ্রোহীরা তাদের রাজনৈতিক লক্ষ্য পূরণে সন্ত্রাসবাদকে বেছে নেবে, ততদিন সরকার তাদের উপযুক্ত জবাব দেবে।”