ইরাকি জঙ্গিদের ইরানের সহায়তার বিষয়টি নিশ্চিত: বুশ
ইরাকি জঙ্গিদের বিস্ফোরক দিয়ে সহায়তা করছে ইরানি সামরিক বাহিনীর একটি অংশ। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিও বুশ। তবে এতে ইরানি নেতাদের সায় আছে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
ইরাকে অতিরিক্ত সেনা পাঠাতে প্রয়োজনীয় অর্থ অনুমোদনে ডেমাক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেস বাধা দিলে এ নিয়ে লড়াইয়ের প্রস্তুতিও নিয়ে রাখছেন বুশ।
বুধবার হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে বুশ বলেন, “এ পর্যন্ত যে তথ্য - প্রমাণ পাওয়া গেছে তাতে এটা নিশ্চিত ইরাকি জঙ্গিদের বিস্ফোরক দিয়ে সহায়তা করছে ইরানের রেভ্যুলশনারি গার্ড বাহিনীর কুদস ফোর্স। তবে এর পেছনে নেতাদের সায় রয়েছে কি না, সে ব্যাপারে আমরা এখনও নিশ্চিত নই।”
ইরাকে সহিংসতায় ইরানি মদদ রয়েছে- বাগদাদে যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তাদের এরকম অভিযোগের একদিন পরই বুশ এ বক্তব্য দিলেন।
তিনি বলেন, “বলতে পারেন, ইরানের বিরুদ্ধে সব অভিযোগই ভিত্তিহীন। কিন্তু ইরাকে মার্কিন সেনাদের রক্ষার দায়িত্ব আমাদের। যদি দেখি, সেনারা আক্রান্ত হচ্ছে তবে আমরা তার মূলোৎপাটনে সব কিছুই করব। এটা একদম সোজাসাপ্টা কথা।”
বিষয়গুলো নিয়ে ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গে কেন সরাসরি আলোচনা করছেন না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে জর্জ বুশ বলেন, “এমন কথা সবাই বলে। কিন্তু আমি আসলে আলোচনায় বসার চেয়ে ফলাফলকেই বেশি গুরুত্ব দিই। সেটা কীভাবে এল তা গুরুত্বপূর্ণ নয়।”
এদিকে কুদস ফোর্স রাষ্ট্রনেতাদের অগোচরেই এ তৎপরতা চালাচ্ছে, এ কথা মানতে চাইছেন না গোয়েন্দা বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, “ইরানের রাষ্ট্র ব্যবস্থার যে চিত্র আমরা দেখে আসছি, তাতে এটা মানা খুবই কঠিন যে শীর্ষ নেতাদের অনুমোদন ছাড়াই কুদস ফোর্স এ ধরনের কাজ চালাতে পারে।”
ইরানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দেশে ও দেশের বাইরে সমালোচনার মুখে রয়েছেন প্রেসিডেন্ট বুশ। কারণ, ইরাক অভিযানের আগেও সেখানে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র থাকার কথা বলা হয়েছিল। কিন্তু পরে তার অনুমাত্রও মেলেনি।
