পরমাণু সংক্রান্ত আলোচনায় লারিজানি সৌদি আরবে
পরমাণু সংক্রান্ত আলোচনার জন্য সৌদি আরব সফরে গেছেন এ বিষয়ে ইরানের মুখ্য আলোচক আলী লারিজানি। ইরানের সংবাদ মাধ্যমগুলো এ খবর দিয়েছে।
সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইরনা জানায়, ইরানের পরমাণু ইস্যুতে সৌদি সরকারের সঙ্গে দৃষ্টিভঙ্গী বিনিময়ই এ সফরের মূল লক্ষ্য। পাশাপাশি দ্বিপাক্ষিক এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সমস্যা নিয়েও লারিজানি সৌদি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
আল আরাবিয়া টেলিভিশন জানায়, বুধবার সৌদি আরবের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব যুবরাজ বন্দর বিন সুলতানের সঙ্গে বৈঠক হয় লারিজানির। তাদের আলোচনায় লেবাননের চলমান সঙ্কটের বিষয়টি স্থান পায় বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক সৌদি কর্মকর্তা রয়টার্সকে জানান, লেবাননে সঙ্কট নিরসনে সৌদি আরব ও ইরানের তৎপরতায় দুই নেতাই সন্তোষ প্রকাশ করেন।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী সউদ আল ফয়সাল বুধবার রিয়াদে সাংবাদিকদের বলেন, “মধ্যপ্রাচ্যে মুসলমানদের মধ্যে ভ্রাতৃঘাতী সংঘাত অবসানে সৌদি আরব ও ইরান উভয় দেশই পদক্ষেপ নিতে চায়। সেটা তেহরান যেমন প্রকাশ করেছে, তেমনি আমরাও জানিয়েছি। এ নিয়ে কিভাবে সামনে এগুনো যায়, সে বিষয়টি আমরা ভাবছি।”
তবে তিনি আলী লারিজানির সফরের বিষয় উল্লেখ করেননি।
গত মাসেও সৌদি আরব সফরে এসেছিলেন লারিজানি। তখন সৌদি বাদশাহ আবদুল্লাহ তাকে বলেছিলেন, “পরমাণু কর্মসূচি চালানোর মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।”
