সাত মাস পর বৈঠকে বসলেন দুই কোরিয়ার কর্মকর্তারা
সাত মাস পর বৈঠকে বসলেন দুই কোরিয়ার কর্মকর্তারা। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সীমান্তবর্তী কায়সং শহরে তারা বৈঠকে মিলিত হন। মন্ত্রী পর্যায়ের আলোচনার বিষয়গুলো চূড়ান্ত করাই ছিল এ বৈঠকের লক্ষ্য।
পরমাণু সঙ্কট অবসানে ছয় জাতি সংলাপে চুক্তিতে উত্তর কোরিয়া সম্মত হওয়ার পরপরই উভয় দেশের আলোচনা পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়।
বুধবার উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ জানায়, বেইজিং আলোচনার পরপরই দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা মন্ত্রী পর্যায়ের বৈঠক আবার শুরু করার আহ্বান জানালে পিয়ংইয়ং তাতে সম্মতি দেয়। সাত মাস আগে ওই আলোচনা বন্ধ হয়ে যায়।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ উত্তর কোরিয়াকে নিরস্ত্রীকরণে স্বাক্ষরিত চুক্তির সমালোচনা উড়িয়ে দিয়ে বলেছেন, “তারা(সমালোচক) ভুল করছেন।”
তিনি বলেন, “সঙ্কটের অবসানে সব পক্ষকে এক টেবিলে নিয়ে এসে আলোচনার মধ্য দিয়ে একটি সমাধান বের করা হয়েছে। সুতরাং কেউ যদি বলে চুক্তিটি ঠিকভাবে হয়নি, তাহলে ভুল হবে।”
তবে চুক্তি মেনে উত্তর কোরিয়ার যথাযথ পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি স্বীকার করেন, এক্ষেত্রে উত্তর কোরিয়াকেই তাদের আন্তরিকতা প্রমাণ করতে হবে।
চুক্তিটিকে অগ্রগতির একটি ধাপ হিসেবে দেখছেন বিশ্লে¬ষকরাও। তবে একই সঙ্গে তারা এটাও বলছেন, সামনে কঠিন পথ।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পাঠচক্রের উত্তর কোরিয়া বিশেষজ্ঞ ঝাং লিয়াংজু বুধবার বলেন, “বন্ধ রাখা, স্থগিত রাখা, এ বিষয়গুলো কিন্তু পরিত্যাগ করার সমার্থক নয়। সুতরাং উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি আবার শুরু করবে এমন সম্ভাবনা আমরা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছি না।”
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন বোল্টন চুক্তির কড়া সমালোচনা করেন। তার মতে, এতে উত্তর কোরিয়াকে অনেক ছাড় দেওয়া হয়েছে। যা অন্যান্য দেশকেও উৎসাহিত করতে পারে।
চুক্তিতে পিয়ংইয়ংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্র ও জাপানের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনরায় শুরুর উল্লে¬খ আছে। পাশাপাশি সন্ত্রাসের মদদদাতা রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের তালিকা থেকে উত্তর কোরিয়াকে বাদ দেওয়ার কথা রয়েছে।
আর এ বিষয়গুলোই উত্তর কোরিয়ার কাছে গুরুত্বপূর্ণ বলে মানছেন বিশে¬ষজ্ঞরা। চীনের জু গুয়াংজুর মতে, “পিয়ংইয়ংয়ের মূল ইচ্ছা আসলে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া নয়। বরং আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক তৈরি এবং বিশ্বের অন্যান্য দেশের মতোই সবার স্বীকৃতি নিয়ে চলতে চায় তারা। আর এটাই তাদের মূল উদ্দেশ্য।”
