পাকিস্তানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে: কারজাই
পাকিস্তানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। তালেবান নেতা মোল্লা ওমরের অবস্থান নিয়ে কিছুকাল ধরে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই কারজাইয়ের এ ঘোষণা এল।
আফগান প্রেসিডেন্ট এখন যুক্তরাজ্য সফরে রয়েছেন। বুধবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে কারজাই বলেন, “সীমান্তে তালেবানদের তৎপরতা নিয়ন্ত্রণে পাকিস্তান গত কয়েক মাসে আফগান কর্তৃপক্ষকে সহযোগিতা করার ইঙ্গিত দেখিয়েছে। তাদের সে ইঙ্গিত ছিল সুস্পষ্ট। তালেবান দমনে এ সম্পর্ক অব্যাহত রাখতে হবে।”
তবে সীমান্তের আফগান শরণার্থী শিবিরগুলো তালেবানদের ঘাঁটিতে পরিণত হয়েছে- পাকিস্তানের এ অভিযোগ নাকচ করেন আফগান প্রেসিডেন্ট। তিনি আরো দাবি করেন, গত সেপ্টেম্বরেরর পর থেকে তার দেশে নিরাপত্তা ব্যবস্থার নজিরবিহীন উন্নতি হয়েছে।
আফগানিস্তানে আরো সেনা পাঠানোর ব্যাপারে হামিদ কারজাইকে আশ্বস্ত করেন টনি ব্লেয়ার। ব্লেয়ার বলেন, “সেখানে যেন আরো সৈন্য পাঠানো যায় সে জন্য ন্যাটো দেশগুলোর সঙ্গে আমি আলোচনা চালিয়ে যাচ্ছি।”
ধারণা করা হচ্ছে, শীত কেটে যাওয়ার পরপরই আফগানিস্তানে তালেবানরা আবার সক্রিয় হয়ে উঠবে। ফলে সহিংসতার বিস্তার ঘটবে।
