২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নয়া বিশ্ব ব্যবস্থার পক্ষে ভারত - চীন - রাশিয়া

তুলনামূলকভাবে আরও ভারসাম্যপূর্ণ নয়া বিশ্ব ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে ভারত - চীন - রাশিয়া। বুধবার দেশ তিনটির পররাষ্ট্রমন্ত্রীরা নয়াদিল্লিতে দিনভর বৈঠকের পর তাদের এ অবস্থানের কথা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 09:15 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি, তার রুশ প্রতিপক্ষ সের্গেই ল্যাভরভ ও চীনা প্রতিপক্ষ লি ঝাওজিং নিজেদের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন। দেশ তিনটির একটি রাশিয়ার বিপুল পরিমাণ তেল ও গ্যাস সম্পদ রয়েছে। অন্যদিকে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীন আরও বেশি পরিমাণ জ্বালানি পেতে চায়।

এছাড়া, তারা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট অচলাবস্থা, ইরাক ও পশ্চিম এশিয়া নিয়েও আলোচনা করেন।

বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে দেশ তিনটি আন্তর্জাতিক সম্পর্ককে গণতান্ত্রিক করার আহ্বান জানিয়ে বলে, বহু মেরুর বিশ্ব গঠনের পথে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়।

ওই বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত বেশকিছু চুক্তি করতে সম্মত হন দেশ তিনটির পররাষ্ট্রমন্ত্রীরা।

বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ঝাওজিং বলেন, “তিনটি দেশেরই অর্থনীতি দ্রুতগতিতে বড় হচ্ছে।”

“আমি বিশ্বাস করি, এই ত্রিপক্ষীয় সহযোগিতার দারুণ সম্ভাবনা আছে। কীভাবে জ্বালানি, পরিবহন, অর্থনীতি ও বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করা যায় আমরা তা নিয়ে আলোচনা করেছি।”

এর আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি মঙ্গলবার জানান, বেইজিং ও নয়াদিল্লির মধ্যে সরাসরি যোগাযোগ করার জন্য ‘হটলাইন’ স্থাপন করা হয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন গত মাসে ভারত সফরে এসেছিলেন। এরই ধারাবাহিকতায় পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নয়াদিল্লিতে এসেছেন। 

সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, “সারা বিশ্ব এটা মনে করে যে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমস্যার সমাধানের পাশাপাশি সংঘাতের অবসান ঘটাতে হবে।”

তবে তাদের এই যৌথতা কোনো একক দেশের স্বার্থের বিরোধিতা করার জন্য নয় বলেও তারা জানায়। এক্ষেত্রে একক দেশ বলতে বিশ্বের একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করা হয়।

সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করলেও বিশেষজ্ঞরাও বলছেন, ত্রিপক্ষীয় এই বৈঠক যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশ তিনটির নিজ নিজ সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না।

এ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসের সি রাজা মোহন বলেন, “রাশিয়া হয়তো যুক্তরাষ্ট্রের কিছু বিষয় নিয়ে ক্ষিপ্ত। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের কৌশলগত অবস্থান গ্রহণের জন্য দেশ তিনটির মধ্যে এ বৈঠক আয়োজন করা হয়নি। কারণ, ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চায়।”