উন্নত বিশ্বে শিশুদের বসবাসে সবচেয়ে অনুপযোগী দেশ যুক্তরাজ্য: ইউনিসেফ
উন্নত বিশ্বের মধ্যে শিশুদের বসবাসের জন্য সবচেয়ে অনুপযোগী দেশ হচ্ছে হচ্ছে যুক্তরাজ্য। এর পরের অবস্থানটি যুক্তরাষ্ট্রের। এ তথ্য ইউনিসেফের।
বিশ্বের ২১টি উন্নত দেশে শিশুর অবস্থান, অধিকার, প্রাপ্ত সুযোগ-সুবিধা ইত্যাদির ওপর সম্প্রতি একটি জরিপ চালায় ইউনিসেফ। জরিপে এ সব বিষয়ে শিশুদের সার্বিক অবস্থান নির্ণয়ে ৪০টি সূচক ব্যবহার করা হয়। বুধবার প্রকাশিত হয় এর ফলাফল।
তাতে দেখা যায়, যুক্তরাজ্যের শিশুরা সবচেয়ে বেশি দরিদ্র, অবহেলিত। তারা দারিদ্র্যের পাশাপাশি বঞ্চনারও শিকার। অহরহ দুর্ব্যবহার, সম্পর্কজনিত জটিলতা, অনিশ্চয়তা এবং মনোকষ্টের শিকার হচ্ছে তারা।
তবে, শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণে এগিয়ে রয়েছে ব্রিটেন। এখানে পিছিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। একমাত্র শিক্ষার ক্ষেত্রেই ২১টি দেশের মধ্যে কিছুটা ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে তার অবস্থান দ্বাদশ।
উন্নত এসব দেশের সমৃদ্ধ অর্থনৈতিক প্রেক্ষাপট যে শিশুদের জীবন মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে ব্যর্থ- ইউনিসেফের জরিপের ফলাফলে তাই ফুটে উঠেছে।
এক্ষেত্রে চেক প্রজাতন্ত্রের কথাই ধরা যেতে পারে। অপেক্ষাকৃত দরিদ্র হওয়া সত্ত্বেও শিশুর জীবন মানের ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে দেশটি। ইউনিসেফের জরিপ মতে, শিশুরা সুখে আছে নেদারল্যান্ডস, সুইডেন ও ডেনমার্কে।
জরিপের প্রতিবেদন তৈরিতে সংশ্লিষ্ট যুক্তরাজ্যের ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোনাথন ব্রাডশ বলেন, “যুক্তরাজ্যে শিশুদের এই করুন পরিণতির জন্য দায়ী আমাদের অতি ব্যস্ত জীবন ও যান্ত্রিক সমাজ ব্যবস্থা। শিশুদের জীবন মান উন্নয়নে কোন ধরনের উদ্যোগই এখানে নেওয়া হয় না। বরং ‘নিজেদের জীবন নিজেরা বুঝে নাও’ এমন একটি নীতি চাপিয়ে দেওয়া হয় তাদের ওপর।”
