‘উত্তর কোরিয়ার পরমাণু সঙ্কট অবসানে এখনও অনেক পথ বাকি’
উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সঙ্কট পুরোপুরি অবসান হতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। এমনটাই মনে করছেন ছয় জাতি সংলাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ক্রিস্টোফার হিল। তার মতে, গৃহীত চুক্তি বাস্তবায়নের কাজটি বেশ কঠিন হবে।
অনেক চড়াই উৎরাই পেরিয়ে মঙ্গলবার পরমাণু কর্মসূচি বন্ধে সম্মত হয় উত্তর কোরিয়া। বিনিময়ে তাদের দেওয়া হচ্ছে জ্বালানি সাহায্য।
বুধবার বেইজিং ত্যাগের প্রাক্কালে ক্রিস্টোফার হিল সাংবাদিকদের বলেন, “আমার মনে হয় পরবর্তী ২৪ ঘণ্টা আমাদের বিশ্রাম নেওয়া দরকার। কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়ে গেছে। নিরস্ত্রীকরণের যে সমঝোতা হয়েছে, তার প্রয়োগটাই আসলে গুরুত্বপূর্ণ। সে কঠিন কাজটিই এখন আমাদের শুরু করতে হবে।”
বিমানবন্দরে এ সময় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে বেশ অবসাদগ্রস্ত দেখাচ্ছিল।
উত্তর কোরিয়ার পরমাণু সঙ্কট নিয়ে দীর্ঘকাল আটকে ছিল ছয় জাতি সংলাপ। সে অচলাবস্থা কাটিয়ে বেইজিঙে বৃহস্পতিবার পুনরায় শুরু হয় সংলাপ। পাঁচ দিনের আলোচনা আর দরকষাকষির পর পিয়ংইয়ং তাদের বিয়ংইয়ন স্থাপনা ৬০ দিনের মধ্যে বন্ধ করতে রাজি হয়। এজন্য তাদের দেওয়া হবে ৫০ হাজার টন জ্বালানি তেল অথবা তার সমপরিমাণ অর্থ সাহায্য।
৬০ দিন পেরিয়ে গেলে উত্তর কোরিয়াকে দেওয়া হবে নয় লাখ ৫০ হাজার টন জ্বালানি তেল অথবা তার সমপরিমাণ অর্থ সাহায্য। তার জন্য পরমাণু কর্মসূচি বন্ধে প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপ নেবে উত্তর কোরিয়া।
‘নিরস্ত্রীকরণের বিনিময়ে জ্বালানি’ এ চুক্তিকে স্বাগত জানিয়েছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট বুশ এটাকে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সমস্যা সমাধানের বড় ধরনের উদাহরণ হিসেবেই দেখছেন।
হোয়াইট হাউজের মুখপাত্র টনি স্নো মঙ্গলবারের সমঝোতাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করেন। তবে তিনি সতর্ক করে বলেন, “যদি উত্তর কোরিয়া সমঝোতার পথ থেকে সরে যায়, তাহলে নিষেধাজ্ঞার আরোপের সম্ভাবনা থাকবেই।”
এদিকে উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, চুক্তি অনুযায়ী পরমাণু কর্মসূচি বন্ধের বিষয়টি সাময়িক। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে ক্রিস্টোফার হিল অবশ্য তা নাকচ করে দেন।
চুক্তিটিকে অগ্রগতির একটি ধাপ বলে দেখছেন বিশ্লেষকরাও। তবে একই সঙ্গে তারা এটাও বলছেন, সামনে কঠিন পথ।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পাঠচক্রের উত্তর কোরিয়া বিশেষজ্ঞ ঝাং লিয়াংজু বলেন, “বন্ধ রাখা, স্থগিত রাখা, এ বিষয়গুলো কিন্তু পরিত্যাগ করার সমার্থক নয়। সুতরাং উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি আবার শুরু করবে এমন সম্ভাবনা আমরা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছি না।”
চুক্তিতে পিয়ংইয়ঙের সঙ্গে যুক্তরাষ্ট্র ও জাপানের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনরায় শুরুর উল্লেখ আছে। পাশাপাশি সন্ত্রাসের মদদদাতা রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের তালিকা থেকে উত্তর কোরিয়াকে বাদ দেওয়ার কথা রয়েছে। আর এ সংক্রান্ত তৎপরতা শিগগিরই শুরু করা হবে বলে জানালেন ক্রিস্টোফার হিল।
আর এ বিষয়গুলোই উত্তর কোরিয়ার কাছে গুরুত্বপূর্ণ বলে মানছেন বিশ্লেষকরা। চীনের জু গুয়াংজুর মতে, “পিয়ংইয়ংয়ের মূল ইচ্ছা আসলে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া নয়। বরং আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক তৈরি এবং বিশ্বের অন্যান্য দেশের মতোই সবার স্বীকৃতি নিয়ে চলতে চায় তারা। আর এটাই তাদের মূল উদ্দেশ্য।”
