ইরাকে সেনা পাঠানো বুশের জুয়া খেলা: জাওয়াহিরি
আল কয়েদার দ্বিতীয় শীর্ষনেতা আয়মান আল জাওয়াহিরি মঙ্গলবার ওয়েবসাইটে প্রচারিত এক বিবৃতিতে বলেছেন, ইরাকে সেনা বাড়ানো বুশের একটি জুয়া খেলা এবং এ পরিকল্পনা ব্যর্থ হতে বাধ্য। ওয়াশিংটনের নীতিতে কোনো পরিবর্তন আনতে না পারার কারণে মার্কিন ডেমোক্রেটদেরও সমালোচনা করেন তিনি।
যুক্তরাষ্ট্রভিত্তিক ‘সাইট ইনস্টিটিউট’ জাওয়াহিরির ৪১ মিনিটের ওই অডিও ভাষণের একটি লিখিত ইংরেজি অনুবাদ প্রকাশ করেছে।
ওই ভাষণে জাওয়াহিরি বলেন, “জুয়া খেলার প্রবণতার জন্যই দেউলিয়া না হওয়া পর্যন্ত নিশ্চিত পরাজয় জেনেও একের পর এক দান দিয়ে যাচ্ছেন বুশ।”
“কিন্তু আমেরিকানরা কি বুশকে একা ছেড়ে দেবে? আর শেষ মার্কিন সেনাটিকেও মুজাহিদিনরা হত্যা না করা পর্যন্ত ইরাকে সেনা পাঠাতে থাকবেন বুশ?”
যুক্তরাষ্ট্রের ইরাক নীতিতে কোনো পরিবর্তন আনতে না পারার কারণে ডেমোক্রেটদের কড়া সমালোচনা করেন জাওয়াহিরি। তিনি বলেন, “বুশের ইরাক নীতির বিরোধিতা করার কারণেই আমেরিকার মানুষ আপনাদের (ডেমোক্রেটদের) পছন্দ করেছে । কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে, আপনারাও বুশের সঙ্গে একই তীর্থে যেতে চান এবং শেষপর্যন্ত তার পরাজয়েও অংশীদার হবেন আপনারা।”
যুক্তরাষ্ট্র ও ব্রিটেনকে উদ্দেশ্য করে মিশরীয় বংশোদ্ভুত এ আল কায়েদা নেতা বলেন, “বিবেচনাপ্রসূত ও বাস্তবসম্মত নীতি গ্রহণ করতে যতো দেরি করবেন, আপনাদের লোকসানের পাল্লা ততোই ভারি হতে থাকবে।”
তবে এ ওয়েবসাইট প্রচারিত বিবৃতির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
