‘ইরাকে সহিংসতার সঙ্গে ইরান সরকারের সম্পৃক্ততার স্পষ্ট প্রমাণ নেই’
ইরাকে ইরান নির্মিত অস্ত্র পাওয়া এবং কয়েকজন ইরানিকে আটকের ঘটনা এটা প্রমাণ করে না যে তেহরান এর সঙ্গে জড়িত। মার্কিন সশস্ত্রবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের প্রধান মেরিন কর্পস জেনারেল পিটার পেস মঙ্গলবার জাকার্তায় এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
গত রোববার বাগদাদে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর কর্মকর্তারা ইরাকি গেরিলাদের কাছ থেকে উদ্ধারকৃত কিছু অস্ত্র সাংবাদিকদের দেখান এবং এগুলো ইরানে নির্মিত বলে দাবি করেন। এসব অস্ত্র ইরাকি গেরিলাদের সঙ্গে ইরান সরকারের ‘সর্বোচ্চ পর্যায়ের’ কিছু ব্যক্তি জড়িত থাকার প্রমাণ দেয় বলেও দাবি করেন তারা।
এরপর মঙ্গলবার পেস বলেন, এসব বিস্ফোরকের কিছু কিছু ইরান থেকে এসেছে এবং ইরাকি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় কিছু ইরানিকে আটক করা হয়েছে। তার মানে এই নয় যে ইরান সরকার ইরাকি জঙ্গিদের মদদ দিচ্ছে কিংবা তারা এসব সহিংস তৎপরতার সঙ্গে সরাসরি জড়িত।
তবে তিনি ইরাকে মার্কিন সেনাদের হত্যার সঙ্গে জড়িতদের ধরতে আগ্রাসী অভিযান চালানোর প্রতিশ্র“তি দেন।
এদিকে হোয়াইট হাউজের মুখপাত্র টনি স্নো বলেছেন, পেসের এসব মন্তব্য মার্কিন কর্মকর্তাদের আগের দেওয়া বক্তব্যের বিরুদ্ধাচারণ নয়। বরং তিনি সুনির্দিষ্টভাবে এটাই বলতে চেয়েছেন যে ইরানের সরকারি কর্মকর্তারা যে এসব তৎপরতায় মদদ দিচ্ছেন তার কোনো প্রমাণ যুক্তরাষ্ট্রের হাতে নেই।
“আমাদের কাছে ইরাকি জঙ্গিদের সঙ্গে ইরান সরকারের জড়িত থাকা সংক্রান্ত কোনো তথ্যপ্রমাণ নেই।”
তবে øো বলেন, ইরানের সরকারি বাহিনী রেভল্যুশনারি গার্ডের সহযোগী বাহিনী কুদস বাহিনীর কয়েকজন সদস্য ইরাকে অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে জড়িত এবং ইরান সরকার একথা জানে।
