সদর ইরাকেই আছেন, দাবি সহযোগীদের
ইরাকের শিয়া নেতা মুকতাদা আল সদর ইরানে পালিয়ে যাননি, তিনি ইরাকেই আছেন। বুধবার এ দাবি করেছেন শীর্ষস্থানীয় ওই শিয়া নেতার ঘনিষ্ঠ সহযোগীরা।
এর আগে মার্কিন সেনা কর্মকর্তারা জানান, গ্রেপ্তার এড়াতে সদর ইরান পালিয়ে গেছেন।
সদর ইরাকেই রয়েছেন বলে নিশ্চিত করেন তার ঘনিষ্ঠ বলে বিবেচিত সংসদ সদস্য নাসের আল রুবাই। তবে তিনি এর বেশি
কিছু বলতে চাননি।
শিয়া নেতার অপর কয়েকজন সহযোগী জানিয়েছেন, মুকতাদা সদর নাজাফে অবস্থান করছেন। তবে নিরাপত্তাজনিত কারণে তিনি প্রকাশ্যে খুব একটা আসছেন না।
এবিসি টেলিভিশন প্রথম মুকতাদা সদরের ইরানে আশ্রয় নেওয়ার খবর জানিয়েছিল। পরে নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তারা রয়টার্সের কাছে সদরের ইরান পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেন।
ইরাকের নিরাপত্তার জন্য সদরের মেহেদি আর্মিকে বড় ধরনের হুমকি বলে অভিহিত করে আসছিল ওয়াশিংটন। সদর বাহিনীকে নিরস্ত্র করার জন্য ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকির প্রতিও আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।
গত কয়েক দিনের অভিযানে মার্কিন বাহিনী মেহেদি আর্মির কয়েকশ’ সদস্যকে হত্যা ও গ্রেপ্তার করে।
