ইরানে বাসে বোমা হামলা, নিহত ১৮
ইরানে একটি বাসে বোমা হামলায় ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই দেশটির রিপাবলিকান গার্ড বাহিনীর সদস্য বলেই ধারণা করা হচ্ছে। বুধবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাহেদান শহরে এ হামলা হয়।
বার্তা সংস্থা ইরনা জানায়, বোমাটি একটি গাড়িতে পেতে রাখা ছিল। তার পাশ দিয়ে রিপাবলিকান গার্ড বাহিনীর বাসটি যাওয়ার সময় ওই বিস্ফোরণ ঘটে। ইরনার তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ১৮ ও আহত হয়েছেন ১৭ জন।
সেনা কর্মকর্তা কাশিম রেজা জানান, বিস্ফোরণে ১৮ জন ইরানি শহীদ হয়েছেন। এটাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেন তিনি।
স্টুডেন্টস নিউজ এজেন্সি নামে অপর একটি বার্তা সংস্থা জানায়, স্থানীয় সময় ভোর সাড়ে ৬টায় ওই বিস্ফোরণ ঘটে। তারাও নিহতের সংখ্যা ১৭ থেকে ১৮ বলে উল্লেখ করে। তবে বার্তা সংস্থা ফার্স জানায়, বিস্ফোরণে আট জন নিহত হন।
ফার্স আরো জানায়, চার জন লোক গাড়িতে বোমা পেতে রাখে এবং বিস্ফোরণ ঘটার সঙ্গে সঙ্গেই তারা মটর সাইকেলে করে পালিয়ে যায়।
জাহেদানের গর্ভনরের কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণে নিহতের প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি। তবে এর সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে পুলিশ আটক করেছে বলে তিনি রয়টার্সকে জানান।
প্রসঙ্গত পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত সংলগ্ন শহর জাহেদানে মাদক পাচার নিয়ে নিরাপত্তা বাহিনী এবং পাচজারকারী দলের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়।
