মন্ত্রী পর্যায়ের আলোচনা পুনরায় শুরুতে সম্মত দুই কোরিয়া
মন্ত্রী পর্যায়ের আলোচনা পুনরায় শুরুতে সম্মত হয়েছে দুই কোরিয়া। বুধবার উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ এ কথা জানায়।
পরমাণু সঙ্কট অবসানে ছয় জাতি সংলাপে চুক্তিতে উত্তর কোরিয়া সম্মত হওয়ার পরপরই এ কথা ঘোষণা এল।
বার্তা সংস্থার খবরে বলা হয়, বেইজিং আলোচনার পরপরই দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা মন্ত্রী পর্যায়ের বৈঠক আবার শুরু করার আহ্বান জানালে পিয়ংইয়ং তাতে সম্মতি দেয়।
এতে বলা হয়, “সউল থেকে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা টেলিফোনে উত্তর কোরিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলাপ করেন এবং আলোচনা শুরুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।”
