মুকতাদা সদর ইরানে পালিয়েছেন: যুক্তরাষ্ট্র
ইরাকের শীর্ষস্থানীয় শিয়া নেতা মুকতাদা আল সদর ইরানে পালিয়েছেন। মঙ্গলবার এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তারা।
এর আগে এবিসি টেলিভিশন মুকতাদা সদরের ইরানে আশ্রয় নেওয়ার খবর জানিয়েছিল। মার্কিন বহিনীর হাতে গ্রেফতারের ভয়ে তিনি ইরান পালিয়ে যান বলে টিভির খবরে বলা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তারা রয়টার্সকে মুকতাদা সদরের ইরান পালিয়ে যাওয়ার কথা জানান।
ইরাকের নিরাপত্তার জন্য সদরের মেহেদি আর্মিকে বড় ধরনের হুমকি বলে অভিহিত করে আসছিল ওয়াশিংটন। এজন্য সদর বাহিনীকে নিরস্ত্র করার জন্য ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকির প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।
গত কয়েক দিনের অভিযানে মার্কিন বাহিনী মেহেদি আর্মির কয়েকশ’ সদস্যকে হত্যা ও প্রেফতার করে।
ইরাকে সহিংসতায় অস্ত্র ও অর্থ দিয়ে মদদ যোগানোর জন্য ইরানকে আগে থেকেই অভিযুক্ত করে আসছে ওয়াশিংটন। সোমবার বাগদাদে মার্কিন সেনা কর্মকর্তারাও একই অভিযোগ তোলেন।
এদিকে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সিএনএন জানিয়েছে, ইরাকে সৈন্য সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্তে আশঙ্কিত হয়েই মুকতাদা সদর পালিয়ে যেতে বাধ্য হন।
