যথাসময়ে নির্বাচনের দাবিতে নেপালি মাওবাদীদের বিক্ষোভ
যথাসময়ে নির্বাচনের দাবিতে মঙ্গলবার কাঠমান্ডুতে গণবিক্ষোভ করেছে নেপালি মাওবাদীরা। বিক্ষোভকালীন সমাবেশে মাওবাদী নেতা প্রচণ্ড বলেছেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে নেপালকে ‘গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র’ ঘোষণার জন্য সরাসরি মাঠে নামবেন তারা। (আরও তথ্যসহ)
রাজতন্ত্রের বিরুদ্ধে মাওবাদীদের অস্ত্র ধারণের ১১ বছর পূর্তি উপলক্ষে কাঠমান্ডুতে ওই সমাবেশের আয়োজন করা হয়। নির্বাচন অনুষ্ঠানে সরকারকে চাপে রাখতে এ কর্মসূচি দেওয়া হয়।
সমাবেশে প্রচন্ড বলেন, “রাজা জ্ঞানেদ্রের ‘প্রতিক্রিয়াশীল’ সমর্থকরা জুনের নির্ধারিত নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।”
তিনি বলেন, “নির্ধারিত সময়ে যদি নির্বাচন না হয় তবে নেপালকে আমরা সরাসরি একটি যুক্তরাষ্ট্রীয় গণপ্রজাতন্ত্র ঘোষণা করব। কেউই এতে বাধা দিতে পারবে না।”
এদিকে মাওবাদীদের মুখপাত্র কৃষ্ণ বাহাদুর মাহারা বলেন, “আমাদের সন্দেহ হচ্ছে, নির্বাচন পেছানোর পাঁয়তারা চলছে। কিন্তু আমরা কোনোভাবেই তা হতে দেব না।”
সরকার ও মাওবাদীদের গত নভেম্বরে স্বাক্ষরিত চুক্তি অনুসারে সশস্ত্র সংগ্রামের পথ ছেড়ে সংসদীয় গণতন্ত্রের ধারায় প্রবেশ করে মাওবাদীরা। খসড়া সংবিধান প্রণয়নে আগামী জুনে সংসদ নির্বাচনের কথা রয়েছে।
মাওবাদীদের দাবি, নতুন সংবিধানের আলোকে রাজতন্ত্রের পুরোপুরি অবসান ঘটাতে হবে।
