পরমাণু নিরস্ত্রীকরণে চুক্তি স্বাক্ষরে সম্মত উত্তর কোরিয়া
পরমাণু কর্মসূচির মূল কেন্দ্র ইয়ংবিয়ন চুল্লি বন্ধ করে দিয়ে সেখানে আন্তর্জাতিক পরিদর্শকদের ঢুকতে দেবে উত্তর কোরিয়া। বিনিময়ে ৫০ হাজার টন জ্বালানি তেল কিংবা তার সমমূল্যের নগদ অর্থ দেওয়া হবে দেশটিকে। বেইজিঙে মঙ্গলবার ছয়জাতি বৈঠকে বহু প্রতীক্ষিত এ সমঝোতা চুক্তিতে সম্মত হয়েছে সংশ্লিষ্ট দেশগুলো।
এ বিষয়ক খসড়া চুক্তি পর্যবেক্ষণ করে চূড়ান্ত অনুমোদনের জন্য মঙ্গলবারই আরেকটি বৈঠকে বসবে দেশগুলো।
ছয়জাতি চুক্তির সমঝোতা অনুসারে আগামী ৬০ দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নেবে উত্তর কোরিয়া। ইয়ংবিয়ন স্থাপনা বন্ধ ও পরিদর্শন কাজ শেষ হলে দ্বিতীয় পর্যায়ে দেশটির পরমাণু সামর্থ্য নিষ্ক্রিয় করতে সমগ্র প্লুটোনিয়াম ভাণ্ডারের একটি হিসেব নেবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
দ্বিতীয় পর্যায়ের প্লুটোনিয়াম ভাণ্ডারের হিসেব ও তদারকির কাজে সহায়তা করলে উত্তর কোরিয়াকে আরও নয় লাখ ৫০ হাজার টন জ্বালানি তেল কিংবা তার সমমূল্যের অর্থসাহায্য দেওয়া হবে বলেও বলা হয়েছে ওই চুক্তির খসড়ায়।
গত বৃহস্পতিবার থেকে বেইজিংয়ে ছয়জাতি আলোচনার বর্তমান দফার বৈঠক শুরু হয়। খসড়া চুক্তির শর্তগুলোতে একমত হওয়ার মধ্য দিয়ে সর্বশেষ সংলাপ শেষ হয় স্থানীয় সময় মঙ্গলবার ভোরে।
এদিকে, সংলাপে অংশগ্রহণকারী সবকটি দেশের সংশি¬ষ্ট কর্তৃপক্ষের চুড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে খসড়াটি।
এ প্রসঙ্গে সংলাপে যোগ দিতে আসা দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি শান ইয়াং উ বলেন, “উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুতে আমরা একটি মতৈক্যে পৌঁছেছি। পরমাণু কর্মসূচি বন্ধের বিনিময়ে উত্তর কোরিয়াকে কীভাবে, কী পরিমাণ জ্বালানি ও আর্থিক সহযোগিতা দেওয়া হবে সে বিষয়ে খসড়া প্রস্তাবটিতে দাতা দেশগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছেছে দেশটি।”
তবে সমঝোতার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের সঙ্গে এখনও কিছু মতানৈক্য থাকায় ‘সবকিছু নিশ্চিত করতে’ মঙ্গলবার আরও একটি আলোচনায় বসতে হবে উত্তর কোরিয়াকে, জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কুয়িন গ্যাং।
তবে জ্বালানি ইস্যুতে উত্তর কোরিয়ার সঙ্গে অন্য দেশগুলো কীভাবে সমঝোতায় পৌঁছালো সে বিষয়ে কিছু বলেননি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল। “কোনো বিতর্কিত ইস্যুতে দুরত্ব দূর করতে সবার আন্তরিক সহযোগিতা দরকার,” বলেন তিনি।
প্রসঙ্গত, উত্তর কোরিয়া গত অক্টোবরে পরমাণু পরীক্ষা চালানোর পর দেশটিকে পরমাণু নিরস্ত্রীকরণে বাধ্য করতে মরিয়া হয়ে ওঠে ছয়জাতি আলোচনার সদস্য দেশগুলো। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি থাকলেও বরাবরই কূটনৈতিক সমাধানের কথা বলে আসছিল আন্তর্জাতিক সম্প্রদায়।
