২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানালেন ফিলিস্তিন প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর প্রতি আবারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 05:23 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

সোমবার গাজায় এক ভাষণে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা চুক্তির কথা উল্লেখ করে ইসমাইল হানিয়া বলেন, “ফিলিস্তিনি জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে যুক্তরাষ্ট্র তাদের কঠোর অবস্থান থেকে সরে আসবে বলে আমরা আশা করি।”

ইউরোপীয় দেশগুলোর প্রতিও একই আহ্বান জানান তিনি।

গত বছর হামাস ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনিদের সাহায্য দেওয়া বন্ধ করে দেয়। ইসরায়েলকে স্বীকৃতি দান এবং ইসরায়েল ও পিএলওর স্বাক্ষরিত চুক্তি মেনে নেওয়ার জন্য হামাসের ওপর চাপ দিয়ে আসছিল পশ্চিমা দেশগুলো।

সোমবার ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের মনমতো না চললে তারা ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও সম্পর্কোচ্ছেদের সিদ্ধান্ত নেবে।

মক্কায় হামাস - ফাতাহর মধ্যে জাতীয় ঐকমত্যের সরকার গঠনে যে চুক্তি হয় সেখানে ইসরায়েলকে স্বীকৃতি দানের বিষয়টি স্পষ্ট করে উল্লেখ করা হয়নি।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস ১৯ ফেব্র“য়ারি জেরুজালেমে ত্রিপক্ষীয় বৈঠকে বসবেন বলে কথা রয়েছে। এতে রাইসের সঙ্গে অংশ নেবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট।