উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুতে ছয়জাতি সংলাপে অবশেষে সমঝোতা
পরমাণু ইস্যুতে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ছয় জাতি সংলাপে অংশগ্রহণকারী অন্য পাঁচটি দেশের সঙ্গে অবশেষে একটি সমঝোতায় পৌঁছেছে উত্তর কোরিয়া।
পরমাণু কার্যক্রম বন্ধের বিনিময় বিপুল অঙ্কের জ্বালানী তেল সরবরাহ করতে হবে- উত্তর কোরিয়ার এ ধরনের দরকষাকষির কারনে ছয় জাতি সংলাপে যে অচলবস্থা তৈরি হয়েছিল এই সমঝোতার পর তা অনেকখানি কেটে গেছে।
খসড়া চুক্তির শর্তগুলোতে একমত হওয়ার মধ্য দিয়ে গত বৃহস্পতিবার বেইজিংয়ে শুরু হওয়া ছয় জাতি সংলাপ মঙ্গলবার ভোরে শেষ হয়েছে।
এদিকে, সংলাপে অংশগ্রহণকারী সব ক’টি দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চুড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে খসড়াটি।
এদিকে, এ প্রসঙ্গে সংলাপে যোগ দিতে আসা দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি শান ইয়াং উ বলেন, “উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুতে আমরা একটি মতৈক্যে পৌঁেছছি। পরমাণু কর্মসূচি বন্ধের পরিবর্তে উত্তর কোরিয়াকে কীভাবে, কী পরিমাণ জ্বালানী ও আর্থিক সহযোগিতা দেওয়া হবে সে বিষয়ে খসড়া প্রস্তাবটিতে দাতা দেশগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছেছে দেশটি।”
প্রস্তাবিত চুক্তি অনুয়ায়ী প্রথমেই পরমাণু স্থাপনা চিহ্নিত করে তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে উত্তর কোরিয়া।
তবে সমঝোতার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের সঙ্গে এখনো কিছু মতানৈক্য থাকায় ‘সবকিছু নিশ্চিত করতে’ মঙ্গলবার আবারো একটি আলোচনায় বসতে হবে উত্তর কোরিয়াকে, জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কুয়িন গ্যাং।
“খসড়া প্রস্তাবটি নিয়ে এখনো নিশ্চিত করে কিছু বলার সময় আসেনি,” সাংবাদিকদের একথা বলেছেন জাপানের প্রধান মধ্যস্থতাকারী কেনিশিরো সাসায়ি।
তবে জ্বালানী ইস্যুতে উত্তর কোরিয়ার সঙ্গে অন্য দেশগুলো কিভাবে সমঝোতায় পৌছালো সে বিষয়ে কিছু বলেননি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল।
“কোন বিতর্কিত ইস্যুতে দুরত্ব দূর করতে সবারই আন্তরিক সহযোগিতা দরকার,” বলেন তিনি।
উল্লেখ্য, সংলাপে অংশ নেওয়া যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, চীন এবং দক্ষিণ কোরিয়ার কাছে উত্তর কোরিয়া ২ মিলিয়ন টন ভারী জ্বালানী এবং ২ মিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ দাবী করেছিল যার দাম ৬০০ মিলিয়ন বা ৬০ কোটি মার্কিন ডলার।
তবে অপর একটি জানায়, উত্তর কোরিয়া হয় বিদ্যুৎ নয় ভারী জ্বালানী-যেকোন একটি সাহায্য চেয়েছিল।
