২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরের বিতর্কিত বাঁধ নিয়ে বিশ্বব্যাংকের রিপোর্ট পেশ

কাশ্মীরের বিতর্কিত বাঁধ নিয়ে রিপোর্ট দিয়েছে বিশ্বব্যাংক। সোমবার বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ ভারত ও পাকিস্তান সরকারের কাছে রিপোর্টটি হস্তান্তর করেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 12:32 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

এটি প্রকাশ করা না হলেও দুই দেশই দাবি করেছে, ওই রিপোর্টে তাদের বক্তব্যের সপক্ষেই বলা হয়েছে।

ভারতশাসিত কাশ্মীরের চেনাব নদীতে বাগলিহার বাধ নির্মাণকে কেন্দ্র করে বিতর্কের পরিপ্রেক্ষিতে এ বিশ্বব্যাংক এতে হস্তক্ষেপ করে। ২০০৫ সালে এ বিষয়ে কাজ করার জন্য দায়িত্ব দেওয়া হয় সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক র্যামন্ড লাফেতকে।

কাশ্মীর হয়ে চেনাব নদী পাকিস্তানে প্রবাহিত হয়েছে এবং পাকিস্তানের জলবিদ্যুৎ উৎপাদন ও কৃষিকাজ মুখ্যত ওই নদীর ওপর নির্ভর করে।

ইসলামাবাদের অভিযোগ, ভারতের নির্মিত ওই বাঁধ ১৯৬০ সালে বিশ্বব্যাংক প্রণীত চুক্তির সুস্পষ্ট  লঙ্ঘন। তবে ভারত এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

রিপোর্ট নিয়ে সন্তোষ প্রকাশ করে ভারতের পানিসম্পদমন্ত্রী সাইফুদ্দিন সৌজ বলেন, “বিশেষজ্ঞর রিপোর্টে ভারতের দৃষ্টিভঙ্গিকে পুরোপুরি সমর্থন করা হয়েছে।”

এদিকে পাকিস্তানের পানি ও বিদ্যুৎমন্ত্রী লিয়াকত আলি সাংবাদিকদের বলেন, “নিরপেক্ষ বিশেষজ্ঞের পর্যালোচনায় দেখা গেছে, বাঁধের নকশা বিশ্বব্যাংকের চুক্তিকে লঙ্ঘন করেছে। এটা পাকিস্তানের জন্য সুখবর।”

রিপোর্টে নকশাটি পরিবর্তনের সুপারিশ করা হয়েছে বলে তিনি জানান।