২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে একমত ইইউ

ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে চাপ প্রয়োগের লক্ষ্যে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপে সোমবার সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা। তবে একইসঙ্গে নতুন আলোচনা চালিয়ে যাওয়ার পথও খোলা রাখতে চান তারা। ইইউ কর্মকর্তারা জানান, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত জাতিসংঘ নিষেধাজ্ঞার অনুরূপ হবে এ নিষেধাজ্ঞা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2007, 06:05 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

তবে ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হাভিয়ার সোলানা বলেছেন, সম্পূর্ণ নতুন আলোচনার সম্ভাবনার কথাও মাথায় রাখছেন তারা।

এ বিষয়ে বিস্তারিত কিছু না বললেও তিনি বলেন, “আমরা সংলাপ চালিয়ে যেতে চাই। ইরান জানে যে আমরা কি করতে চাই।” মিউনিখে ইরানের পরমাণু বিষয়ক প্রধান আলোচক আলী লারিজানির সঙ্গে একটি ‘ভাল ও গঠনমূলক’  আলোচনা হয়েছে বলেও জানান তিনি। ওই বৈঠকের মধ্য দিয়ে ইরানের সঙ্গে রোববার থেকে নতুন করে ঘণিষ্ঠ যোগাযোগ শুরু করেছেন সোলানা।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার বলেছেন, “এখন আমাদের যা করতে হবে তা হল ইরান কি প্রস্তাব করে তা দেখা এবং সেটা বিবেচনা করা।”

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ রোববার বলেছিলেন, তার দেশ পরমাণু কর্মসূচি থেকে সরে আসবে না, তবে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত তেহরান।

কূটনীতিবিদরা জানিয়েছেন, ডিসেম্বরে জাতিসংঘ নিষেধাজ্ঞার মূল ধারাগুলো হুবহু অনুসরণ করা হয়েছে ইইউর নিষেধাজ্ঞা প্রস্তাবে। তবে কোন কোন ক্ষেত্রে কতোটা পরিবর্তন আসবে তা জানতে আরও কিছুদিন সময় লাগবে।