২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে বোমা হামলায় নিহত অন্তত ৭৬

বাগদাদের দুটি বাজারে সোমবার তিনটি বোমা হামলায় অন্তত ৭৬ জন নিহত ও ১৬৪ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2007, 05:58 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

পুলিশ জানায়, মধ্য বাগদাদের পাইকারী বাজার শোরজায় দুটি গাড়িবোমা বিস্ফোরিত হয়ে অন্তত ৭১ জন নিহত এবং ১৬৪ জন আহত হন। এছাড়া, সুন্নি আরব ও শিয়া ব্যবসায়ীদের বাসস্থান বাব আল - শারজি বাজারে রাস্তার পাশে পুঁতে রাখা আরেকটি বোমা বিস্ফোরিত হয়ে অন্তত পাঁচজন নিহত হন।

শোরজায় গাড়িবোমা দুটি বিস্ফোরিত হওয়ার পর কাপড়ের দোকানগুলোতে আগুন ধরে যাওয়ায় ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় এক ডজনেরও বেশি গাড়ি। হতাহতদের উদ্ধারে ওই স্থানে ৩০টিরও বেশি অ্যাম্বুলেন্স ভিড় জমায়।

এ দুটি বাজারে আগেও বোমা হামলা হয়েছে। তবে সোমবারের হামলা ছিল এগুলোর মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী।

ইসলামী দিনপঞ্জি অনুযায়ী গত বছর সামারায় শিয়াদের একটি পবিত্র স্থান আল - আসকারিতে হামলার বর্ষপূর্তির দিনে এ ঘটনা ঘটলো। 

এসব হামলার আগে শীর্ষ শিয়া নেতা আলী আল - সিস্তানি সামারার ওই ঘটনার জন্য সুন্নি আরবদের দায়ি করলেও তাদের ওপর প্রতিশোধ না নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।