শ্রীলঙ্কায় তামিল গেরিলাদের নৌকায় হামলা, নিহত ১০
তামিল গেরিলাদের দুটো নৌকায় হামলা চালিয়ে সন্দেহভাজন ১০ তামিল গেরিলাকে হত্যার দাবি করেছে শ্রীলংকার নৌবাহিনী। সোমবার ত্রিঙ্কোমালির উত্তর - পূর্ব উপকূলীয় এলাকায় নৌবাহিনী তামিল বিদ্রোহীদের ওই দুটি নৌকায় হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে বলে নৌবাহিনীর কর্মকর্তারা জানান।
নৌ অভিযানে প্রথম নৌকাটি পুরোপুরি ভেঙে গুঁড়িয়ে যায়। অস্ত্রসহ অন্য নৌকাটি উদ্ধার করেছে নৌবাহিনী।
নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার ডি কে পি দেশানায়েকে জানান, স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় তারা তামিল গেরিলাদের দুটি নৌকাকে চিহ্নিত করেন। এরপর তারা তাদের নৌযান ও নদীর তীর থেকে সন্দেহজনক নৌকা দুটির ওপর গুলিবর্ষণ শুরু করেন।
নৌকায় ঠিক কতজন ছিল তা জানা না গেলেও দেশানায়েকে জানিয়েছেন, ১০ জনের মত গেরিলা এতে নিহত হয়েছে।
সমুদ্র থেকে মৃতদেহগুলো উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে নৌবাহিনী। একজন নারী গেরিলার লাশ উদ্ধারের কথা জানিয়েছেন নৌ কর্মকর্তারা।
তবে এ ব্যাপারে এখনো মুখ খোলেনি তামিল গেরিলাদের সংগঠন লিবারেশন অব টামিল টাইগারস ইলম (এলটিটিই)।
এর আগে দুই সপ্তাহ আগে রাজধানী কলম্বোর নৌবন্দরে তামিলদের তিনটি নৌকা ডুবিয়ে দেয় সেনাবাহিনী।
