সৌদি সফরে প্রথম রুশ প্রেসিডেন্ট পুতিন
সৌদি আরব সফর করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন। রোববার তিনি সৌদি আরব পৌঁছান। তাকে লাল গালিচা সম্বর্ধনা দেন সৌদি বাদশা আবদুল্লাহ।
এটাই রাশিয়ার কোনো নেতার প্রথম সৌদি আরব সফর। রাশিয়ার প্রেসিডেন্টের এই সফরকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বা ‘মাইলফলক’ বলে মনে করছেন অনেকে।
পুতিনের এই সফর আরব--ইসরায়েল শান্তি প্রক্রিয়ার পাশাপাশি বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ দুটোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে জোরালো ভূমিকা রাখবে বলেই তাদের ধারণা।
এদিকে, রাশিয়ান প্রেসিডেন্টের কাছে আরব--ইসরায়েল শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করতে এরই মধ্যে আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ আবদুল্লাহ। মস্কোকে এজন্য গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালনে এগিয়ে আসারও অনুরোধ জানান তিনি।
এ প্রসঙ্গে বাদশাহ আবদুল্লাহ বলেন, “এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, আরব--ইসরায়েল শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।” রাশিয়ার বার্তা সংস্থা ইতার--তাসকে দেওয়া সাক্ষাৎকারে বাদশাহ আব্দুল্লাহ একথা বলেন।
ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর, বাসযোগ্য এবং স্থিতিশীল পৃথিবী চাই আমরা।”
এছাড়া, পুতিনের সঙ্গে আলোচনার মাধ্যমে দুটি দেশের মধ্যে তেল, বিনিয়োগ এবং বিমান যোগাযোগ সম্পর্কিত বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়েও আশা প্রকাশ করেছেন সৌদি বাদশা।
উল্লেখ্য, ১৯২৬ সালে রিয়াদ ও মস্কোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
