অ্যারো--টু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইসরায়েল
ক্ষেপণাস্ত্র--বিধ্বংসী ‘অ্যারো ক্ষেপণাস্ত্র ব্যবস্থার’ আরেকটি সফল পরীক্ষা চালিয়েছে ইসরাইল। ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ‘শেহাব’ এর সম্ভাব্য হামলার ক্ষেত্রে এ ব্যবস্থাই দেশটির সবচেয়ে বড় প্রতিরোধ হবে বলে রোববার প্রতিরক্ষামন্ত্রী আমির পেরেজ জানান।
এক বিবৃতিতে পেরেজ বলেন, “অ্যারো টু নামের এ ব্যবস্থাটির সফল পরীক্ষা এটা প্রমাণ করে যে বহির্বিশ্বের যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে ইসরাইল প্রস্তুত রয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, পরিকল্পনা--নকশা অনুযায়ী প্রতিটি ক্ষেপণাস্ত্রই সঠিকভাবে কাজ করেছে।
নিরাপত্তা বিষয়ক এক সূত্র মতে, নির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তুতে কত দ্রুত ক্ষেপণাস্ত্রটি হামলা করতে পারে তা পরীক্ষা করে দেখা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর উচ্চপদস্থ এক কর্মকর্তা ওয়াইনেট নিউজ ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, এ পরীক্ষার সফলতা এটাই প্রমাণ করে যে যেকোনো ধরনের সম্ভাব্য হামলা মোকাবেলায় দেশটি প্রস্তুত রয়েছে।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তায় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তোলা হয় এবং ওই বছরই তা ইসরায়েলে তা স্থাপন করা হয়।
