ইরাক ইস্যুতে বুশের সমালোচনা করে বিপাকে হিলারি
ইরাক যুদ্ধের জন্য প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ‘অহমিকা ও অযোগ্যতা’কে দায়ী করে নিজেই বিপাকে পড়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থী হিলারি রডহ্যাম ক্লিনটন।
বুশের বিরুদ্ধে শনিবার এরকম সমালোচনার পরপরই ইরাক অভিযানের সমর্থনে ২০০২ সালে সিনেটে হিলারির ভোট দেওয়া নিয়ে কঠিন প্রশ্নের মুখোমুখি হন তিনি।
২০০৮ সালের নির্বাচনকে সামনে রেখে শনিবার নিউ হ্যাম্পশায়ারের টাউন হলে বক্তৃতা করছিলেন হিলারি। সে সময় বুশের সমালোচনা করে তিনি বলেন,“ইরাক আমাদের কাছে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে কেবল ওয়াশিংটনে আমাদের প্রশাসনের অহমিকাবোধ ও অযোগ্যতার জন্য।”
সমাবেশে তার এ মন্তব্যের পরপরই উপস্থিত শ্রোতাদের একজন হিলারিকে তার ২০০২ সালের সিনেট ভোট নিয়ে প্রশ্ন করেন। হিলারি সে সময় জর্জ বুশের সমর্থনে ভোট দিয়েছিলেন।
তাৎক্ষণিক জবাবে হিলারি বলেন,“ ইরাক যুদ্ধ নিয়ে এখন আমরা যা জানি, তখন তা জানলে কখনোই ভোট দিতাম না। আামি তাকে ভোট দিয়েছিলাম সেখানে তদন্তকারী দল পাঠিয়ে সঠিক তথ্য জানাতে। একটি পূর্ব-নির্ধারিত যুদ্ধ শুরুর জন্য ওই ভোট দেওয়া হয়নি।”
তিনি আরও বলেন,“ আমার মনে হয় আমরা যারা সেদিন বুশকে ভোট দিয়েছিলাম তাদের বেশিরভাগই এটা ভাবতে পারেননি যে, প্রেসিডেন্ট ক্ষমতার এতোটা অপব্যবহার করবেন। তিনি তখন জাতিসংঘে যাওয়ার কথা বলেছিলেন। তা গেছেনও। কিন্তু জাতিসংঘকে কাজ শেষ করতে না দিয়েই হঠাৎ তিনি যুদ্ধ শুরু করেন।”
ইরাক যুদ্ধ নিয়ে অদূর ভবিষ্যতে হিলারিকে আরো অনেক কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
