২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনায় আপত্তি নেই, তবে পরমাণু কর্মসূচি চলবে: আহমাদিনেজাদ

পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। তবে এ নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে আলোচনায় তেহরানের আপত্তি নেই বলে জানালেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 03:38 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

ইরানে ইসলামি বিপ্লবের ২৮ শ’ বার্ষিকীতে রোববার জাতির উদ্দেশে ভাষণ দেন আহমাদিনেজাদ। টিভি ও বেতারে সরাসরি সম্প্রচারিত ওই ভাষণে ইরানি প্রেসিডেন্ট বলেন, “আমরা যে কোনো আলোচনার জন্য প্রস্তুত। তবে পরমাণু কর্মসূচিও চলবে। আন্তর্জাতিক আইন মেনেই আমরা তা চালাচ্ছি এবং এটা চালিয়ে যাওয়ার অধিকার আমাদের রয়েছে।”

পরমাণু কর্মসূচি বন্ধ করা দেশের জন্য ‘অসম্মানজনক’ বলে মন্তব্য করেন ইরানি প্রেসিডেন্ট। তিনি আশ্বস্ত করেন, “আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশনের(আইএইএ) নিয়ম নীতি ও এ সংক্রান্ত চুক্তি মেনেই পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ইচ্ছা ইরানের।”

বিপ্লব দিবস উপলক্ষে হাজার হাজার ইরানি জড়ো হয় তেহরানের আজাদি স্কোয়ারে। ব্যানার, ফেস্টুন নিয়ে সমবেত ইরানিদের মুখে মুহুর্মূহু স্লোগান ছিল “আমেরিকা নিপাত যাক”। অনেকের হাতে ছিল ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লা খোমেনির ছবি। সেই সঙ্গে কারো হাতে শোভা পায় বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির ছবি। আজাদি স্কোয়ারের আশ পাশের রাস্তায় এ সময় তিল ধারণের ঠাঁই ছিল না। সেখানে থেকেই তারা আহমাদিনেজাদের ভাষণ শোনেন।

বিশ্লেকরা বলছেন, ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখেও জাতি ঐক্যবদ্ধ-  এটা প্রমাণে ওই সমাবেশ ঘিরে ব্যাপক জনসমাগমের উদ্যোগ নেওয়া হয়।

এদিকে ইরানের পরমাণু সংক্রান্ত বিষয়ে মুখ্য আলোচক আলী লারিজানি নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে এখন জার্মানি রয়েছেন। পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমের সঙ্গে সৃষ্ট বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে বলে আশা করছেন তিনি।

শনিবার মিউনিখ পৌঁছে লারিজানি সাংবাদিকদের বলেন, “আমরা বিশ্বাস করি পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমের সঙ্গে সৃষ্ট বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান হাভিয়ার সোলানার সঙ্গে আমাদের অতীতেও গঠনমূলক আলোচনা হয়েছে। আলোচনা চালিয়ে গেলে ইতিবাচক ফলাফল অবশ্যই পাওয়া যাবে।”