২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গর্ভপাতের বৈধতা প্রশ্নে পর্তুগালে গণভোট

গর্ভপাতের বৈধতা দেওয়া নিয়ে রোববার গণভোট হচ্ছে পর্তুগালে। এনিয়ে দেশটিতে এটা দ্বিতীয় গণভোট। এর আগে ১৯৯৮ সালের ভোটে জনগণ গর্ভপাতের বিপক্ষে তাদের রায় দেয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 01:44 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

সর্বশেষ জরিপে দেখা যায়, দেশের দুই তৃতীয়াংশ লোক গর্ভপাতের বৈধতার পক্ষে রয়েছেন। তারা চান এক্ষেত্রে বিধি নিষেধগুলো যেন তুলে নেওয়া হয়।

বর্তমান আইনে পর্তুগালে গর্ভপাত দণ্ডণীয় অপরাধ। এর জন্য তিন বছরের জেল ও জরিমানার বিধান রয়েছে। তবে কেবল ধর্ষণ ও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির ক্ষেত্রে বিদ্যমান আইন গর্ভপাত অনুমোদন করে।

গ্রিনিচ মান সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। হ্যাঁ ও না ভোটের মাধ্যমে নিজেদের মত জানাবেন জনগণ।

আইন পরিবর্তনে মোট ভোটারের ৫০ শতাংশের রায় দেখাতে হবে। ফলে বিষয়টি ক্যাথলিক দেশটির নারী সংগঠনগুলো কিছুটা সংশয়ে রয়েছে। ১৯৯৮ সালে মোট  ৮৭ লাখ ভোটারের অর্ধেকই ভোট দিতে যায়নি। ফলে আইনটি অপরিবর্তিত রয়ে যায়।

ধর্ম অনুমোদন না করায় অনেকেই এ বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। পাশাপাশি যাজকরাও গর্ভপাতের বিরোধিতায় তাদের মত প্রকাশ করছেন।

তবে দেশটির মধ্য-বামপন্থী সরকার বলছে, পর্যাপ্ত ভোট না পড়লেও যদি আইন সংস্কারের পক্ষে বেশি ভোট পড়ে, তাহলে সংসদে সংখ্যাগরিষ্ঠতাকে ব্যবহার করে আইন সংস্কারে সরকার সর্বোত চেষ্টা চালাবে।