ছয় জাতি সংলাপ দ্রুত শেষ করার তাগিদ যুক্তরাষ্ট্রের
উত্তর কোরিয়ার পরমাণু সঙ্কট নিরসনে ছয় জাতি সংলাপ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। বেইজিংয়ে সংলাপের চতুর্থ দিনের আলোচনা শুরু হচ্ছে রোববার। সঙ্কট কাটার ব্যাপারে মার্কিন প্রতিনিধি ক্রিস্টোফার হিল আশার কথা শোনালেও সে রকম আশাবাদী হতে পারছেন না অন্য দেশগুলোর প্রতিনিধিরা।
আগামী দুই মাসের মধ্যে উত্তর কোরিয়ার পরমাণু স্থাপনা ‘ইয়ংবিয়ন’-এর কার্যক্রম স্থগিত করার ব্যাপারে কোরিয়া সম্মত হয়েছে বলে জানা গেছে। তবে এর বিনিময়ে দাতা দেশগুলোর কাছ থেকে উত্তর কোরিয়া কী পরিমাণ সুযোগ-সুবিধা পাবে, তা নিয়ে মতানৈক্য রয়েই গেছে। চীনের উত্থাপিত খসড়া প্রস্তাবের একটি শর্তের সঙ্গে একমত হতে পারছে না উত্তর কোরিয়া।
চতুর্থ দিনের আলোচনা শুরুর আগে ক্রিস্টোফার হিল সাংবাদিকদের বলেন, “সংলাপ প্রায় শেষের পর্যায়ে। আমাদেরও ফিরে যেতে হবে। তাই একটি ইতিবাচক ও ফলপ্রসূ সমাধানে পৌঁছানোর এখনি সময়।” তবে ঠিক কোন জায়গায় এসে আলোচনা আটকে আছে তা জানাতে অস্বীকৃতি জানান হিল।
এক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে দেরি চায় না, তাও প্রকাশ করলেন তিনি। বললেন, “আমরা বেইজিংয়েই চীনের নববর্ষ উদযাপন করতে চাই না।” আগামী ১৮ ফেব্র“য়ারি শুরু হচ্ছে চীনের নতুন বছর।
দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি শান ইয়াং য়ু বলেন, “উত্তর কোরিয়াকে কী পরিমাণ জ্বালানী ও অর্থ সহায়তা দেওয়া হবে তা নিয়ে সমস্যা নেই। বরং এটা পেতে পরমাণু কর্মসূচি বন্ধে উত্তর কোরিয়া কত দ্রুত পদক্ষেপ নেবে তার ওপরই নির্ভর করছে সংলাপের সাফল্য।”
তবে রোববারের আলোচনা শেষে সঙ্কট নিরসনে খুব বড় ধরনের অগ্রগতি আশা করছেন না শান ইয়াং।
জাপানের প্রতিনিধি কেনিশিরো সাসায়ি বলেন, “বিভিন্ন বিষয়ে আমাদের সঙ্গে উত্তর কোরিয়ার এখনো অনেক ফারাক রয়েছে। আর এ দূরত্ব কমানোর ক্ষেত্রে এগিয়ে আসতে হবে ইত্তর কোরিয়াকেই।”
অন্য প্রতিনিধিরা অবশ্য বলছেন, ইয়ংবিয়ন পরমাণু স্থাপনা বন্ধের পরিবর্তে উত্তর কোরিয়াকে কীভাবে, কী পরিমাণ অর্থ ও জ্বালানি সহায়তা দেওয়া হবে সেটা নিয়েই বিতর্ক চলছে।
এদিকে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো আসো বলেছেন, “উত্তর কোরিয়া তার চাহিদা বাড়িয়েই চলেছে।” তবে পরমাণু কর্মসূচি বন্ধের বিনিময়ে ২ মিলিয়ন টন জ্বালানি তেল দাবি করছে উত্তর কোরিয়া- জাপানি টিভি চ্যানেল ‘আসাহি’কে সাক্ষাৎকারে এ খবরের সত্যতা নিশ্চিত করতে পারেননি তিনি।
উল্লেখ্য, উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুতে গত বৃহস্পতিবার বেইজিংয়ে শুরু হয় ছয় জাতি সংলাপ। দুই কোরিয়াসহ এতে আরো অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও রাশিয়া।
