তালেবান দমনে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের সহায়তা চাইল পাকিস্তান
সীমান্তে তালেবানদের দমনে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের সহায়তা প্রয়োজন পাকিস্তানের। এ কথা জানিয়েছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মেহমুদ কাসুরি।
বিশ্ব নিরাপত্তা বিষয়ক সম্মেলনে যোগ দিতে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী এখন জার্মানির মিউনিখে রয়েছেন। শনিবার রয়টার্সকে সাক্ষাৎকারে তিনি বলেন, “তালেবানদের দমনে কার্যকর পদক্ষেপ নিতে চায় পাকিস্তান। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের সহায়তা প্রয়োজন। তাদেরও বলতে হবে ঠিক কী ধরনের পদক্ষেপ নেওয়া এ সময়ে দরকার।”
সন্ত্রাস দমন ব্যাপারটি সহজ নয় বলে উল্লেখ করেন মেহমুদ কাসুরি। এক্ষেত্রে প্যালেস্টাইন, লেবানন ও ইরাকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “ব্যাপারটা খুব সহজ হলে ওই অঞ্চলগুলোর সমস্যার সমাধান অনেক আগেই হত।”
সীমান্তবর্তী আফগান শরণার্থী শিবিরগুলোকে নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ওই শিবিরগুলোতে অনেক সন্ত্রাসী আশ্রয় নিয়ে আছে। ”
শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলোসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চান তিনি। এক্ষেত্রে নিজেদের দিক থেকে সব ধরনের সহায়তার প্রতিশ্র“তি দেন মেহমুদ কাসুরি।
সীমান্তে তালেবানদের দমনে ইসলামাবাদ আন্তরিক নয়, এমন অভিযোগ নাকচ করেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “সন্ত্রাস দমনে আমরা আন্তরিক, এক্ষেত্রে শুধু সবার সহায়তা দরকার।”
