ইসরায়েলকে স্বীকৃতি দেবে না নতুন ফিলিস্তিন সরকার: হামাস
মক্কা চুক্তি অনুসারে গঠিত ফিলিস্তিনের নতুন সরকার ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। হামাস নেতা প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার রাজনৈতিক উপদেষ্টা শনিবার একথা জানান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আহমেদ ইউসূফ বলেন, “মক্কা বৈঠকে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গই আসেনি। যুক্তরাষ্ট্র কিংবা চতুর্পক্ষীয় মধ্যস্থতাকারীদের কাছ থেকে যতো চাপই থাকুক না কেন, নতুন জাতীয় ঐকমত্যের সরকারের কর্মসূচিতেও (ইসরায়েলকে) স্বীকৃতি দেওয়ার কোনো সম্ভাবনা নেই।”
ইউসূফ আরও জানান, ২১ ফেব্র“য়ারি চতুর্পক্ষীয় বৈঠকের আগেই নতুন সরকার গঠনের আশা করছেন হানিয়া। সরকার গঠন করে অবরোধ তুলে নেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানাবেন তিনি।
উপদেষ্টা বলেন, ফিলিস্তিন সরকারে হামাস প্রতিনিধিদের বয়কট করার পূর্ব সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে চতুর্পক্ষীয় মধ্যস্থতাকারীদের। কারণ, এ ভ্রান্ত নীতির ফলে এ অঞ্চলে উত্তেজনা ও সহিংসতা আরও বাড়তে পারে।
এদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), রাশিয়া ও জাতিসংঘের সমন্বয়ে গঠিত চতুর্পক্ষীয় উদ্যোগ শুক্রবার এক যুক্ত বিবৃতিতে পুনরায় ইসরায়েরকে স্বীকৃতি দেওয়া এবং সহিংসতা কমানোসহ পূর্ববর্তী শান্তি চুক্তিগুলো মেনে চলার আহ্বান জানিয়েছে যেকোনো ধরনের ফিলিস্তিনি সরকারকে।
