পশ্চিমা অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস
ফিলিস্তিনে একটি ঐকমত্যের সরকার গঠনে ‘মক্কা--চুক্তির’ পর শুক্রবার পশ্চিমা বিশ্বকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস।
এদিকে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, হামাস--ফাতাহ চুক্তিটি অবরোধ তুলে নেওয়ার শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। এ নিয়ে রোববার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে তারা।
যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়ার কোনো স্পষ্ট মতামত এখনো পাওয়া যায়নি।
হামাস সরকারের মুখপাত্র গাজী হামাদ মক্কায় সাংবাদিকদের বলেন, “পশ্চিমারা এ চুক্তিকে অগ্রাহ্য করতে পারবে না এবং নিজস্ব শর্তও আরোপ করতে পারবে না।”
তিনি বলেন, “ইউরোপীয় ইউনিয়নের উচিৎ নতুন সরকারের (ফিলিস্তিনি জাতীয় ঐকমত্যের সরকার) সঙ্গে সংলাপ শুরু করা। এটাই এ অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠার একমাত্র পথ।”
হামাস মুখপাত্র বলেন, “আমাদের ভ্রাতৃপ্রতীম রাষ্ট্র সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আমরা সৌদি নেতাদের সঙ্গে একমত যে চুক্তিটি বহির্বিশ্বে তুলে ধরতে হবে।”
মক্কা চুক্তিকে গাজার হামাস নেতারাও স্বাগত জানিয়েছেন। তবে ইসরাইয়েলকে স্বীকৃতি না দেওয়ার প্রশ্নে এখনো অনড় তারা। তাই পিএলও - ইসরাইল শান্তি চুক্তি মেনে চলতে অস্বীকৃতি জানিয়েছেন তাদের অনেকে। শীর্ষস্থানীয় হামাস নেতা নিজার রাইয়ান শান্তি চুক্তিগুলো মেনে চলতে প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার প্রতি মাহমুদ আব্বাসের আহ্বানের সমালোচনা করেন।
তিনি বলেন, “ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই ওঠে না। ইসরায়েল বলে কিছু নেই। আর হামাস এ ধরনের কোনো চুক্তি মেনে চলতে বাধ্য নয়।”
গাজায় হামাস মুখপাত্র ইসমাইল রুদওয়ান বলেন, “ ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কোনো শর্ত হতে পারে না, এটা আলোচনার বিষয়ই নয়।”
অবশ্য রাইয়ান কিংবা রুদওয়ানের বক্তব্য তােেদর ব্যক্তিমত মতামত না কি দলীয় সিদ্ধান্তের প্রতিফলন তা জানা যায়নি।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, “মক্কা চুক্তি অবরোধ প্রত্যাহারের কোনো শর্তই আসলে পূরণ করেনি।”
প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট রোববার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। এর পরই অনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে ইসরায়েল।
চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের মুখপাত্র ডানা পেরিরো বলেন, “আমরা এখনো চুক্তিটি দেখিনি। তাই বিষয়টি নিয়ে বলার জন্য কিছুটা সময় প্রয়োজন।”
একই রকম মনোভাব ইউরোপীয় ইউনিয়নেরও। তবে ফ্রান্স চুক্তিটি স্বাগত জানিয়েছে।
এদিকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক চিঠিতে ইসমাইল হানিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনিয়োগ দিয়েছেন এবং ‘ফিলিস্তিনি জনগণের স্বার্থের পক্ষে পরিচালিত হওয়া’ এবং ‘আন্তর্জাতিক আইন ও পিএলও স্বাক্ষরিত পূর্ববর্তী চুক্তিগুলো মেনে চলার’ আহ্বান জানিয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, নতুন সরকার গঠনের জন্য পাঁচ সপ্তাহ সময় পাবেন হানিয়া। এ সময়ের মধ্যে একটি সরকার গঠন করে সরকারের মন্ত্রিপরিষদ উপস্থাপন করে পার্র্লামেন্টের আস্থা ভোটে জয়লাভ করতে হবে হানিয়াকে।
